তাহিরপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিকারী এক যুবককে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গত বুধবার সন্ধ্যায় যাত্রাবাড়ি থানা পুলিশ ঢাকার যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত যুবকের নাম আবিরুল ইসলাম আলম (২৪)। সে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের স্থানীয় বিএনপি নেতা বালিয়াঘাট (বাদড়গড়) গ্রামের সাবেক মেম্বার আব্দুল রশিদ এর ছেলে। বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত ১৭ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে গ্রেফতারকৃত আবিরুল ইসলাম আলমের নিজস্ব ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে। এ পোস্টটি সুনামগঞ্জের গোয়েন্দা সংস্থার নজরে আসে। তারা বিষয়টি নিয়ে তদন্তে নামে এবং অভিযুক্ত আলমের বাড়িতে যায়। সেখানে জানতে পারেন সে যশোর ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর সিভিল পোস্টের একটি স্কুলে অফিস সহায়ক পদে চাকরি করে। সেখানে খোঁজ নিয়ে গোয়েন্দা সংস্থার লোকজন জানতে পারেন আবিরুল গত এক বছর আগে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিয়ে ঢাকা সাভারের গ্লোবাল ফ্যাশন নামে একটি গার্মেন্টসে চাকরি করছে। সাভার পুলিশের সহযোগিতায় গোয়েন্দা সংস্থার লোকজন গ্লোবাল ফ্যাশনে গিয়ে সুপার ভাইজারের সঙ্গে কথা বলে জানতে পারেন সে ঐখানে চাকরি করছে গত এক বছর ধরে। তবে গত তিনদিন ধরে কোনো কারণে গার্মেন্সে আসছে না। পরে গোয়েন্দা সংস্থার লোকজন তথ্য প্রযুক্তির মাধ্যমে বুধবার সন্ধ্যায় যাত্রাবাড়ি থেকে আবিরুলকে গ্রেপ্তার করে।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার জানান, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় তার বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলার প্রস্ততি চলছিল। পরে সিডিএস সূত্রে জানতে পারি ঢাকা যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশ তাহিরপুর থানায় অবগত করেছে। তিনি বলেন, যাত্রাবাড়ী থানা পুলিশ তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সন্ধায় সংশ্লিষ্ট কোর্টের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।