স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের নিঃস্ব মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর এপ্রিল মাসের সমুদয় ভাতা প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিলে দান করেছেন। রোববার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের হাতে মাসিক ভাতার ১০ হাজার টাকার চেক তুলে দেন তিনি। এসময় তিনি দেশের ভাতাপ্রাপ্ত সচ্চল মুক্তিযোদ্ধাদেরও অসহায় মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান। এ ঘটনায় মালেক পীরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। সমাজের স্বচ্ছল মানুষদের এভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
মালেক হোসেন পীর সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া পীরবাড়ি এলাকার বাসিন্দা। বালাট সাব সেক্টরের প্রথম ব্যাচের মুক্তিযোদ্ধা তিনি। অসহায় এই মুক্তিযোদ্ধার ভিটে ছাড়া আর কোন সম্পদ নেই। বর্তমানে ভাঙা ঘরে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করেন। একমাত্র আয় মুক্তিযোদ্ধা ভাতায়ই চলে তার সংসার।
মালেক পীর লিভারসহ নানা জটিল রোগে ভোগছেন। সম্প্রতি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উদ্যোগে ভারত সরকারের সহায়তায় চিকিৎসার জন্য ভারত যেতে সুনামগঞ্জ থেকে তিনি মনোনীত হয়েছেন।
মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। দীর্ঘদিন উপেক্ষিত ছিলাম। তাঁর কন্যা এসে আমাদের মূল্যায়ন ও সম্মান দিয়েছেন। এখন তিনি দেশের অসহায় মানুষকে সহায়তার আহ্বান জানিয়েছেন। আমাদের সবার উচিত তাঁকে সাহস, সমর্থন ও সহযোগিতা করা। তিনি বলেন, আমার কোন আয় নেই। মুক্তিযোদ্ধা ভাতা দিয়েই ভাঙা ঘরে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছি। সামর্থবান সহযোদ্ধারাও এই দুঃসময়ে মানুষের পাশে দাড়াবেন বলেই আশা করেন তিনি।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, মালেক হুসেন পীর একজন সাহসী মুক্তিযোদ্ধা। নিঃস্ব অবস্থায় থেকেও তিনি এই দুঃসময়ে মানুষের পাশে দাড়ানোর সাহস দেখিয়েছেন। তাকে স্যালুট জানাই।