- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সাচনাবাজার সেতু- ডিজাইনের প্রস্তাব ৯ মাস ধরে আটকে আছে মন্ত্রণালয়ে

বিশেষ প্রতিনিধি
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সুনামগঞ্জের সাচনাবাজার-জামালগঞ্জ সেতু’র ডিজাইন করার প্রস্তাব ৯ মাস ধরে স্থানীয় সরকার মন্ত্রণালয়েই আটকা রয়েছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা এই প্রকল্পগুলোর অগ্রগতি হচ্ছে বললেও,‘এই ফাইল নড়ছে না, ফাইল আটক রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়েই’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে তাহিরপুরের জনসভায় যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সুরমা নদীর সাচনাবাজার-জামালগঞ্জ সেতু। এই সেতু নির্মাণ হলে জামালগঞ্জ উপজেলা সদরের সঙ্গে জেলার বৃহৎ বাজার সাচনাবাজারের সংযোগ হবে। একই সঙ্গে জামালগঞ্জের ভাটি অঞ্চল এবং ধর্মপাশার একটি অংশের সঙ্গে সুনামগঞ্জ জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অন্য ৩ টি সেতু’র নির্মাণ প্রকল্প স্থানীয় সরকার  মন্ত্রণালয়ের অনুমোদন লাভ করেছে। এগুলো হচ্ছে  শাল্লার মার্কুলি বাজারে কুশিয়ারা নদীর উপর সেতু, লাউড়েরগড়ে যাদুকাটা নদীর উপর সেতু ও জামালগঞ্জ- সেলিমগঞ্জ সড়কে সেলিমগঞ্জে সুরমা নদীর উপর সেতু। গত ১৬ জুন ৩ টি সেতু’র নির্মাণ প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুমোদন লাভ করে এবং পরে এগুলো পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
সাচনাবাজার সেতুটি’র ডিজাইন করার প্রস্তাব দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আটক থাকায় স্থানীয় জনসাধারণের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
জামালগঞ্জের বাসিন্দা সমাজকর্মী সঞ্জু ঘোষ চৌধুরী বলেন, ‘সাচনাবাজার-জামালগঞ্জ সেতু হলে জামালগঞ্জের পুরো উপজেলার চিত্র বদলে যাবে। ভাটির মানুষের বড় একটি দাবির
বাস্তবায়ন হবে। জেলা সদরে সহজেই আসতে পারবেন জামালগঞ্জ ও ধর্মপাশার একাংশের বাসিন্দারা।’
সাবেক ছাত্রনেতা জামালগঞ্জের ফেনারবাঁকের বাসিন্দা শাহ্রিয়ার চৌধুরী বিপ্লব বলেন,‘স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনসহ সংশ্লিষ্টদের সক্রিয়তায় এই সেতুটির ডিজাইন করার প্রস্তাব দ্রুত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ছাড় পেতে পারে এবং জামালগঞ্জবাসীর স্বপ্ন পূরণের প্রক্রিয়াও শুরু হতে পারে’।
সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং এলজিইডি’র গুরত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক আল্লাহ্ হাফেজ বলেন,‘মার্কুলি, যাদুকাটা ও সেলিমগঞ্জ সেতু গত ১৬ জুন মন্ত্রণালয়ের অনুমোদন লাভ করেছে, এই প্রকল্পগুলো এখন পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় আছে। সাচনাবাজার সেতুটি’র ডিজাইন করার প্রস্তাব গত ফেব্রুয়ারি মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই ফাইল নড়ছে না, এটি বলা যাবে না। এই সেতু’র ডিজাইন প্রস্তাব নিয়ে ইতিপূর্বে সংশ্লিষ্ট উর্ধ্বতনদের সভাও হয়েছে। আমরা আশা করছি দ্রুতই সাচনা-জামালগঞ্জ সেতু’র ডিজাইন প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুমোদন হবে। পরে এটি প্লানিং কমিশনে পাঠানো হবে। প্লানিং কমিশনে অনুমোদনের পরই দরপত্র প্রক্রিয়ায় যাবে’।

  • [১]