স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার শাল্লা সফর সফল করার জন্য দিরাই উপজেলা আওয়ামী লীগ বর্ধিত সভা করেছে। বৃহস্পতিবার রাত ৮ টায় দিরাই পৌর এলাকার বাগানবাড়ী কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সর্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- ড. জয়া সেন গুপ্তা এমপি, মুহিবুর রহমান মানিক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক, আওয়ামী লীগ নেতা হায়দার চৌধুরী লিটন, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, করুণা সিন্ধু চৌধুরী বাবুল, অ্যাড. সুহেল আহমদ, দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলামিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা ইয়াওর মিয়া, অ্যাড. অভিরাম তালুকদার, দিরাই উপজেলা যুব লীগের সভাপতি রঞ্জন রায় প্রমুখ। সভায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপূল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,‘ভাটি বাংলার লাখ লাখ মানুষ চরম কষ্টের মধ্যে পড়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী সহমর্মিতা জানাতে আসছেন। তিনি অনেক আগেই বলেছেন, সুনামগঞ্জ এবং গোপালগঞ্জকে এক ভাবেই দেখেন তিনি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী’র ভালবাসাকে সম্মান জানাতে এবং সফর সফল করতে নেতা-কর্মীদের রোববার পর্যন্ত অনেক কষ্ট করতে হবে। জাতির জনকের কন্যার কর্মসূচি সকলে ঐক্যবদ্ধভাবে সফল করতে হবে।’
উল্লেখ্য. আগামী রোববার সকালে লো-ফ্লাই করে হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকা দেখবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। পরে তিনি ভাটির উপজেলা শাল্লার ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেবেন।’