স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পাসপোর্ট ও বহির্গমন অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ এর কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
সভায় বিশেষ অতিথির একান্ত সচিব সাইদুল হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন তৌহিদ আহমেদ, ডিআইজি (প্রিজন) এ.কে. এম ফজলুল হক, জেল সুপার আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিস ও সুনামগঞ্জ সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মুজিবুর রহমান চৌধুরী, উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া, টীম লিডার আলী হায়দার, সুনামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক অর্জুন কুমার ঘোষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান, দৈনিকসুনামকন্ঠের সম্পাদক বিজন সেররায়, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, বিটিভি’র জেলা প্রতিনিধি অ্যাড. আইনুল ইসলাম বাবলু, ডিবিসি’র প্রতিনিধি আমিনুল ইসলাম, সাংবাদিক আল হেলাল ও শহীদনুর আহমদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে বলেন,‘আমাদের দপ্তরগুলো নাগরিক সেবা সুরক্ষা নিয়ে কাজ করছে। উন্নত দেশে পরিণত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তিনি দেশের উন্নয়নের স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়ন করেন। আমরা সবাই দেশ ও জাতির উন্নয়নে কাজ করি।’
প্রধান অতিথি বলেন,‘অভিযোগ আছে পাসপোর্ট করতে দূর-দূরান্তের মানুষ নানা ভোগান্তিতে পড়েন এবং পাসপোর্ট অফিসে নানা কারণে স্বজনপ্রীতি হয়। এটা সাময়িক সমস্যা। তবে রোগীর চিকিৎসার জন্য বিদেশে যেতে ইমার্জেন্সি পাসপোর্ট করে দিতে হবে। যখন সব কার্যক্রম অনলাইনে চলে যাবে, তখন মানুষকে দ্রুত সেবা দেয়া যাবে। ই-পাসপোর্ট কার্যক্রম আগামী ২২ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।’
স্বাস্থ্যসেবা বিষয়ে প্রধান অতিথি বলেন,‘সুনামগঞ্জে চিকিৎসক সংকট, টেকনোলজিস্ট সংকট, টেকনিশিয়ান সংকট রয়েছে। সুনামগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলে সকল সমস্যা সমাধান করার চেষ্টা করব।’
ফায়ার সার্ভিস ও সুনামগঞ্জ সিভিল ডিফেন্সের বিষয়ে প্রধান অতিথি বলেন,‘সুনামগঞ্জে ডুবুরি নেই, অগ্নি নির্বাপনের নৌযান নেই, অ্যাম্বুলেন্স নেই। আমি সুনামগঞ্জে আরও দুইটি অ্যাম্বুলেন্স দেয়ার ব্যবস্থা করব।’
প্রধান অতিথি বলেন,‘যারা দীর্ঘ কারাবাস বরণ করেন, তাদের জন্য নানা প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এসব কর্ম বা প্রশিক্ষণ চালু করতে হবে সুনামগঞ্জের কারাগারে।’
তিনি বলেন,‘জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে লোকবল সংকট আছে, এটা সমাধানের ব্যবস্থা করা হবে। জেলার বিভিন্ন স্থানের মাদক প্রতিরোধ করতে হবে।’
উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান দুই দিনের সরকারি সফরে গতকাল সন্ধ্যায় সুনামগঞ্জ পৌঁছান এবং বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।