সুু.খবর ডেস্ক
সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায়ে প্রধান বিচারপতির বক্তব্যকে আবেগ ও বিদ্বেষতাড়িত বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার দাবি, এসব বক্তব্য যুক্তিতাড়িত নয়। ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১০ দিনের মাথায় বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেছেন, ‘১১৬ অনুচ্ছেদকে সংবিধানের পরিপন্থী অখ্যায়িত করায় আমার মনে হয় মাননীয় প্রধান বিচারপতির যে রায় তা যুক্তিতাড়িত নয় বরং আবেগ ও বিদ্বেষ তাড়িত।’
আইনমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি মামলার ফ্যাক্ট ও ইস্যুর বাইরে গিয়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে সংবিধান
পরিপন্থী বলে যে পর্যবেক্ষণ দিয়েছেন তাতে আমরা বিষ্মিত হয়েছি।’
গত ১ আগস্ট প্রকাশ হওয়া ষোড়শ সংশোধনীর পূর্ণাঙ্গ রায়ে প্রধান বিচারপতি বলেছেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদও সংবিধান বহির্ভুত।
১৯৭২ সালে দেশের প্রথম সংবিধানের ১১৬ ধারায় বলা ছিল, বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচারবিভাগীয় দায়িত্বপালনে রত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরিসহ) ও শৃঙ্খলাবিধান সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত থাকবে।
বঙ্গবন্ধুর সময়ে ১৯৭৪ সালে চতুর্থ সংশোধনীতে ওই ১১৬ অনুচ্ছেদে পরিবর্তন আসে। সেখানে বলা হয়, বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচারবিভাগীয় দায়িত্বপালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরিসহ) ও শৃঙ্খলাবিধান রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকবে এবং সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তা প্রযুক্ত হবে।
ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ‘আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অধস্তন আদালতকেও স্বাধীন ও নিরপেক্ষ হতে হবে। কিন্তু চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ১১৬ অনুচ্ছেদে অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রক হিসেবে ‘সুপ্রিম কোর্ট’ শব্দটি ‘রাষ্ট্রপতি’ দিয়ে প্রতিস্থাপন করা হয়, যা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক এবং স্বাধীন বিচার বিভাগের পরিপন্থি।’
পর্যবেক্ষণে বলা হয়, ‘অধস্তন বিচার বিভাগের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, তাই বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নটি সেখানে কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ নয়, বরং বেশি গুরুত্বপূর্ণ। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অধস্তন আদালতকে অবশ্যই স্বাধীন ও নিরপেক্ষ হতে হবে।’
তবে সাত বিচারকের মধ্যে চারজন প্রধান বিচারপতির এই অভিমতের সঙ্গে একমত হননি। সংবাদ সম্মেলনে তাদেরকে ধন্যবাদও দেন আইনমন্ত্রী।
রায়ের প্রতি সরকার শ্রদ্ধাশীল উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘এটা দিবালোকের মত সত্য যে বাংলাদেশশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে রায় দিয়েছে, সে রায়ের সাথে আমাদের দ্বিমত থাকলেও রায়ের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আমি অত্যন্ত বিনীতভাবে বলতে চাই যে, শ্রদ্ধেয় আপিল বিভাগ যে যুক্তিতে ষোড়শ সংশোধনী বাতিল করেছেন সেই সব যুক্তি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার এবং জাতীয় সংসদের কোন দিনই এই অভিপ্রায় ছিল না যে, কোনো সংশোধনী দ্বারা বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুন্ন বা খর্ব করা হবে। দেশকে বিচারহীনতার সংস্কৃতির, অপরাধীদের নৈরাজ্য, অপসংস্কৃতি এবং গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করা প্রথা থেকে জননেত্রী শেখ হাসিনার সরকারই মুক্ত করেছে। তাই রায়ে যখন উল্লেখ থাকে যে, আমরা বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করছি ষোড়শ সংশোধনী দ্বারা, তখন ব্যথিত হওয়া ছাড়া অন্য কোন উপায় থাকে না।’
রায়ের বিরুদ্ধে রিভিউ করার বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘আমরা যেহেতু এই রায়ে সংক্ষুদ্ধ তাই আমরা নিশ্চয়ই চিন্তাভাবনা করছি যে এই রায়ের রিভিউ করা হবে কি না। আমরা এখনো কোন সিদ্ধান্তে উপনিত হই নাই। কারণ রায়ের খুঁটিনাটি বিষয়গুলো এখনো নিবিড়ভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।’
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল হয়ে যাওয়ায় বিচারক অপসারণে সেনা শাসনের আমলে চালু হওয়া সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল ব্যবস্থা পুনঃপ্রবর্তন হলো। এর সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে সুপ্রিম কোর্টের বিচারকগণের স্বেচ্ছাচারীতার মাধ্যমে অপসারণ করাটা সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিরে ব্যর্থতা বলে প্রতিয়মান হয়েছে। অন্যদিকে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের ধারণা শুধু মিলিটারি ডিক্টেটরদের বই থেকেই প্রাপ্ত। আমরা মনে করেছি যে, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পদ্ধতি অত্যন্ত অস্বচ্ছ এবং নাজুক। তাই এর পরিবর্তনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারকদের স্বাধীনতা এবং তাদের চাকরির নিশ্চয়তা রক্ষা করা হয়েছিল বলেই আমাদের বিশ্বাস।’
‘আমি পরিস্কারভাবে বলতে চাই যে, ষোড়শ সংশোধনী দ্বারা সংসদ বিচার বিভাগের সাথে কোনো পাওয়ার কনটেস্টে অবতীর্ণ হয় নাই। বরঞ্চ বিচার বিভাগের স্বাধীনতাকে সৃদৃঢ় করর প্রচেষ্টাই করেছে।’
বিচারক অপসারণের ক্ষমতা সংসদে থাকা কোনোভাবেই সংবিধান বহির্ভুত হতে পারে না বলেও মনে করেন আইনমন্ত্রী। বলেন, ‘১৯৭২ সালে গণপরিষদ কর্তৃক প্রণীত মূল সংবিধান যেটাকে বুকে ধারণ করে জন্ম নিয়েছে সেটা অসাংবিধানিক হতে পারে না। সংসদের মাধ্যমে বিচারকদের অপসারণের বিধান ভারত, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাসহ ৩৮ শতাংশ কমনওয়েলথভুক্ত দেশে বিদ্যামান রয়েছে।’
‘তিনি জাতীয় সংসদ নিয়ে কটূক্তি করেছেন’
রায়ের পর্যবেক্ষণে জাতীয় সংসদ নিয়ে যেসব কথা বলা হয়েছে তার সমালোচনা করেন আইনমন্ত্রী। বলেন, ‘প্রধান বিচারপতি তার রায়ে অনেক অপ্রাসঙ্গিক কথা বলেছেন যেটা এই মামলার যে ফ্যাক্ট ও ইস্যুর সাথে একদমই সম্পর্কিত না। তিনি জাতীয় সংসদ সম্পর্কে কটূক্তি করেছেন এবং প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করেছেন। আমি মনে করি, ঐ সকল রাজনৈতিক প্রশ্ন আদালত কর্তৃক বিচার্য বিষয় হতে পারে না। আমরা তার এই বক্তব্যে দুঃখিত।’
‘বাংলাদেশের স্বাধীনতা কোনো একক ব্যক্তির কারণে হয় নাই’- প্রধান বিচারপতির এমন বক্তব্যেরও কড়া প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী। ‘আমরা মর্মাহত’ উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৪৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব পর্যন্ত যে আন্দোলনগুলো হয়েছে তারই ফলশ্রুতিতে আমরা পেয়েছি স্বাধীন সার্বোভৌম বাংলাদেশ। আমাদের স্বাধীনতা যুদ্ধকালে বঙ্গবন্ধু হয়তো পাকিস্তানের কারাগারে ছিলেন কিন্তু তারই নেতৃত্বে তারই আদর্শে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল।’
‘এটা ভুললে চলবে না যে, জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বঙ্গবন্ধু ছাড়া এ দেশে আর কেউ ১৩ বছরের অধিক কারাভোগ করেন নাই। তাই প্রধান বিচারপতির এই বক্তব্য আমাদের কাছে অগ্রহণযোগ্য। ইতিহাস এ কথাও বলে যে বঙ্গবন্ধুর নেতৃত্বেই ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীকার আন্দোলন শুরু হয়েছিল এবং ১৯৭১ সালের ২৬ মার্চ জনগণের দেয়া ক্ষমতায় বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন।’