স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন ও শিক্ষক-অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন তাঁর সহকর্মী ও অভিভাবকেরা। ঐ প্রধান শিক্ষককে বিদ্যালয় থেকে প্রত্যাহারের দাবিতে শনিবার মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
এর আগে গত ২৪ অক্টোবর প্রধান শিক্ষক কোহিনুর বেগমের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন বিদ্যালয়ের ১২ জন শিক্ষক। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষকেরা প্রধান শিক্ষকেরা বিরুদ্ধে শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন, শিক্ষক-অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও সরকারের
বিভিন্ন বরাদ্দের টাকা আত্মসাতের লিখিত অভিযোগ করেন।
শনিবার সকাল ১০টায় ষোলঘর বাজার পয়েন্টে মানববন্ধন করেন এলাকাবাসী।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন এলাকার বাসিন্দা আইনজীবী আবুল মজাদ চৌধুরী, মো. নজরুল ইসলাম ও তৈয়বুর রহমান, অভিভাবক মুজিবুর রহমান, মুক্তাদীর আহমদ, কল্লোল তালকুদার প্রমুখ। বক্তারা প্রধান শিক্ষককে বিদ্যালয় থেকে প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, প্রায় এক হাজার শিক্ষার্থীর বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকের উদাসীনতা ও স্বেচ্ছাচারিতায় পাঠদান ব্যাহত হচ্ছে।
তবে প্রধান শিক্ষক কোহিনূর বেগম তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি এখানে যোগদান করে নিয়মানুযায়ী স্কুল পরিচালনা করছি। আমার বিরুদ্ধে শিক্ষকদের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হযরত আলী বলেন, ‘অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।’