- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দপ্তরী নিয়োগের নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

এনামুল হক এনি, ধর্মপাশা
ধর্মপাশা উপজেলার গলহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার দপ্তরী নিয়োগের নামে এক প্রার্থীর কাছ থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ওই প্রার্থীর মা দিলোয়ারা খাতুন বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা
নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে পৃথক পৃথকভাবে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, এ বিদ্যালয়ে বিধি মোতাবেক চতুর্থ শ্রেণির কর্মচারি দপ্তরী নিয়োগের জন্য গত ২১ মার্চ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ পদে নিয়োগ লাভের জন্য মধ্যনগর ইউনিয়নের গলহা গ্রামের কাজল মিয়া ও দিলোয়ারা খাতুন দম্পতির ছেলে মো. সোহাগ মিয়া একজন প্রার্থী হিসেবে আবেদন করেন। তবে বছর দেড়েক আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার সোহাগকে দপ্তরী পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। তখন সোহাগের মা-বাবা স্থানীয় বাসিন্দা ক্ষিতিশ চন্দ্র রায়ের ছেলে কৌশিক রায়ের মাধ্যমে প্রধান শিক্ষককে এক লাখ টাকা দেন এবং নিয়োগ পরীক্ষার কয়েকদিন আগে আরও পঞ্চাশ হাজার টাকা দেন প্রধান শিক্ষককে। কৌশিক চন্দ্র রায় ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য। আর্থিক লেনদেনের বিষয়টি যেন কেউ না জানতে পারে সেজন্য প্রধান শিক্ষক কৌশল করে গোপনে সে টাকা গ্রহণ করেন। তবে সোহাগের মা-বাবা দূর থেকে টাকা লেনদেনের বিষয়টি প্রত্যক্ষ করেছেন। গত ১৫ জুলাই এ পদে নিয়োগ পরীক্ষায় নারায়ন দেবনাথ নামের এক প্রার্থীকে উত্তীর্ণ করা হয়। চাকরি না হওয়ায় গত মঙ্গলবার সোহাগের মা ও কৌশিক চন্দ্র রায় সেই টাকা ফেরত চাইলে প্রধান শিক্ষক কোনো টাকা নেয়নি বলে দাবি করে। এ সময় প্রধান শিক্ষক সেই টাকা ফেরত না দিয়ে আবার টাকা চাইলে ভূক্তভোগীদের মারপিট করবেন বলেও উল্টো হুমকি দেন।
কৌশিক চন্দ্র রায় বলেন, ‘সোহাগকে দপ্তরির চাকরি দিবে এমন শর্তে প্রধান শিক্ষককে আমি নিজ হাতে দুইবারে দেড় লাখ টাকা দিয়েছি। প্রথম পর্যায়ের এক লাখ টাকা দেওয়ার সময় আমি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলাম। পুরো টাকাই সোহাগের মা সরবরাহ করেছে। এখন প্রধান শিক্ষক সোহাগকে চাকরিও দেয়নি আবার টাকাও ফেরত দিচ্ছে না।’
অভিযুক্ত প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার বলেন, ‘চাকরি দেওয়ার নাম করে আমি কারও কাছ থেকে কোনো টাকা নিইনি। টাকা নিয়েছি এমন স্বাক্ষী নেই। নারায়ন দেবনাথ পরীক্ষায় প্রথম হয়ে উত্তীর্ণ হয়েছে।’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রভাত দেবনাথ বলেন, ‘প্রধান শিক্ষকের সাথে কৌশিকের  আর্থিক লেনদেনের বিষয়টি শুনেছি। সবাইকে নিয়ে বসে উভয় পক্ষের সাথে কথা বললে সত্য মিথ্যা বেরিয়ে আসবে।’
উপজেল নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার বলেন, ‘এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
জেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ‘আমি ওই নিয়োগ পরীক্ষায় ছিলাম। স্বচ্ছ নিয়োগ পরীক্ষা হয়েছে। তবে কেউ যদি আর্থিক সুবিধা নিয়ে থাকে তা আমার জানা নেই। প্রধান শিক্ষক যদি টাকা নিয়ে থাকে তাহলে সেই টাকা ফেরত দিতে হবে।’

  • [১]