সঞ্জীব রায়, টরন্টো (কানাডা) থেকে
আমাদের প্রতিদিনকার অভ্যাস বদলে যাচ্ছে। বদলাচ্ছে আমাদের দায়িত্ববোধ, সামাজিকতা, ভালোবাসা, মমতা ও সাম্প্রদায়িক আচরণ। সমাজের পেশাদার লোকেরা পেশাদারিত্ব ছেড়ে ব্যবসা খোঁজেন বেশি।
অবশ্য বিশ্বায়নের যুগে সবাই কিছু না কিছু বিক্রি করে চলছি। যেমন টেলিভিশন খুললে দেখা যায় অভিনেতা ঢেউটিন, ক্রিকেটার মোবাইল ফোন আর কোনো কোনো রাজনীতিবিদ আমজনতার আস্থা বিক্রি করছেন, যা তাদের কাছে ডিপোজিট রাখা ভোটের মাধ্যমে।
একজন ডাক্তার বা চিকিৎসকের যেমন হওয়ার কথা সে রকম কী আমরা পাচ্ছি? আমার ছোটবেলায় দেখেছি আমাদের কাকা বাবু (সাচনাবাজারের) ডাক্তার ব্রজেন্দ্র কুমার বর্মণ রোগীর হাতের নাড়ি দেখে চিকিৎসা করতেন। এর ফাঁকে রোগীর পারিবারিক খোঁজখবর নিতেন। গরিব রোগীরা পয়সা দিতে চাইলে সরল হাসি দিয়ে বলতেন, রাইক্কা দেও ফল কিন্না খাইও।
আর এখন ডাক্তারের আগে হচ্ছেন সহকারী। তার কাছে প্রথমে সবকিছু বলতে হয়। এর পর হচ্ছেন ডাক্তার সাহেব। তিনি আবার ডাক্তার চাচা বা কাকা বাবুদের জামানার নন। কথা কম বলবেন। প্রেসক্রিপশনে দামি কোম্পানির মেডিসিন। পছন্দের নার্সিং হোম বা ক্লিনিকে ভর্তি। সব কিছুর পর রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তার পরিবারের অর্থনৈতিক অবস্থা তত দিনে রস বের করে নেওয়া আখের মতো। যদি গরমে আখের রস খেয়ে থাকেন তবে এর অবস্থা কল্পনা করুন, টের পেয়ে যাবেন। অভ্যাসের পরিবর্তন ভালোবাসা মমতার ক্ষেত্রেও। স্ত্রী সন্তানের সবকিছুই দামি হওয়া চাই। দামি স্কুল, দামি ফ্ল্যাট, দামি গাড়ি, আধুনিকতার নতুন সংযোজন দামি কুকুর। আর মায়ের জন্য সংস্থার বৃদ্ধাশ্রম, নয়তো কোনার ঘর। অবশ্য শাশুড়ি মায়ের জন্য এ নিয়ম প্রযোজ্য নয়।
সামাজিকতা আরও লক্ষণীয়। গেল বছর পূজার অনুষ্ঠানে এলাকার দাদার সঙ্গে দেখা। যথারীতি জিজ্ঞাসা অর্থাৎ দাদা খোঁজ খবর নিচ্ছেন সঞ্জীব ভালো আছ? উত্তর দিলাম ভালো। কাজ কাম? উত্তর দিলাম ভালো। জ্যাঠা জেঠিমা? মানে আমার বাবা মা। উত্তর দিলাম তারা তো অনেক দিন হলো মারা গেছেন। বুঝলাম দাদা একটু অপ্রস্তুত। আসলে আমরা এতই ব্যস্ত যে, সামাজিকতার পুরটা জুড়ে এখন শুধু ন্যাকামি আর ভাঁড়ামি।
ভয় হয় ইদানীং সাম্প্রদায়িক আচরণ নিয়েও নাড়াচাড়া শুরু করেছি আমরা। ফেসবুক খুললেই তা চোখে পড়ে, কথায় কথায় হিন্দু আর মুসলমান না টেনে নিজেকে ১৬ কোটির একজন ভেবে বক্তব্য উপস্থাপন করাটাই দায়িত্বশীল আচরণ।
আমাদের আউল, বাউল, সাধু সন্তরা যুগ যুগ ধরে যে ভালোবাসা আর প্রেমের বাণী গেয়ে গেছেন, তাদের গীতি কবিতাকে বাণিজ্যিকরণ করে ব্যবসা করতে পারি, কিন্তু আমাদের আচরণে এর স্থান দিতে পারি না কেন ? কষ্ট হয় আমরা ভুলে যাচ্ছি আমাদের পরিচয়।
লেখক: সঞ্জীব রায়, টরন্টো (কানাডা) প্রবাসী।