সুব্রত দাস খোকন, শাল্লা
শাল্লা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাহাড়া (সদর) ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান, জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ঘনিষ্ট রাজনৈতিক সহচর নরেশ চন্দ্র চৌধুরী আর নেই।
জানা যায়, নরেশ চন্দ্র চৌধুরী দীর্ঘদিন যাবৎ খাদ্যনালীতে টিউমারের সমস্যায় ভুগছিলেন। বেশ কিছুদিন ঢাকায় ল্যাব-এইড হাসপাতালে বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক বরেন চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। বয়সজনিত কারণে খাদ্যনালীতে অপারেশন সম্ভব নয় বলে নরেশ চৌধুরীকে বিগত ১৫/২০ দিন পূর্বে তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। গতকাল ২টা ৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে শাল্লা উপজেলা আওয়ামী লীগের প্রবীণ এই নেতার মৃত্যুতে শাল্লা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ভিতর সুখের ছায়া নেমে আসে।
নরেশ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, দিরাই-শাল্লার সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপি’র সভাপতি ও শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মহিম চন্দ্র দাস, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. অবনীমোহন দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-আমীন চৌধুরী, সহ-সভাপতি আব্দুস সাত্তার মিয়া, হবিবপুর ইউনিয়ন চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামান চৌধুরী, শাল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ চৌধুরী প্রমুখ।