বাংলা আমাদের মাতৃভাষা হলেও দেশে অঞ্চলভেদে বাংলারই নানা বৈচিত্র্য রয়েছে। এক অঞ্চলের ভাষার সঙ্গে অন্য অঞ্চলের উচ্চারণভঙ্গিতে ব্যাপক পার্থক্য লক্ষ করা যায়। অঞ্চলভেদে এই ভাষাবৈচিত্র্যকে নেতিবাচক দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। এই ভাষাবৈচিত্র্য আমাদের ঐতিহ্যেরও অংশ। জন্মের পর থেকে মানুষ পরিবার, পরিপার্শ্ব থেকেই ভাষা শেখে এবং তা ব্যবহার করে থাকে। অঞ্চলভেদে ভাষাবৈচিত্র্যের বিষয়টি স্বীকৃত হলেও প্রমিত ভাষার যথেষ্ট গুরুত্ব রয়েছে। প্রমিত ভাষা হল ভাষার সর্বজনস্বীকৃত একটি রূপ, যা সারাদেশের মানুষ বুঝতে পারে। কিন্তু বাংলা প্রমিত ভাষা ব্যবহারে আমাদের নানা দুর্বলতা রয়েছে।
মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য এই জনপদের মানুষের সংগ্রাম ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। ভাষা আন্দোলনের পথ ধরেই আমরা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছি। বলা যায়, ভাষার প্রতি ভালোবাসাই আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য যে সংগ্রাম শুরু হয়েছিল, এর স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক অঙ্গনে। আমাদের ‘শহীদ দিবস’ আজ ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। যে ভাষার জন্য আমাদের ত্যাগের ইতিহাস এত দীর্ঘ, এত উজ্জ্বল-সেই ভাষা চর্চায় আমরা কতটুকু সচেতন, সে প্রশ্নের ইতিবাচক মীমাংসা হয়নি। লেখায়, বলায় প্রমিত বাংলা ব্যবহারে আমরা যথার্থতা অর্জন করতে পারিনি, ব্যাপারটি দুঃখজনক।
প্রমিত বাংলা শেখার শুরু হয় বিদ্যালয়ে। পরিবারে যে যে উচ্চারণে, ভাষাভঙ্গিতে কথা বলুক না কেন, বিদ্যালয়ে এসে শিখতে হবে প্রমিত বাংলা। কিন্তু অনেক ক্ষেত্রেই সেটি হচ্ছে না। বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের প্রমিত বাংলা শিক্ষা দেওয়া, কিন্তু তারা নিজেরা যদি আঞ্চলিক ভাষায় কথা বলেন, তাহলে ছাত্রদের প্রমিত ভাষা কীভাবে শেখাবেন! এ ব্যাপারে মিডিয়ারও দায় রয়েছে। প্রিন্ট মিডিয়া মোটামুটি প্রমিত বাংলা ব্যবহারের চেষ্টা করে। কিন্তু ইলেকট্রনিক মিডিয়া, বিশেষ করে এফএম রেডিও বাংলা-ইংরেজি মিলিয়ে এক উদ্ভট ভাষায় অনুষ্ঠান উপস্থাপন করে থাকে। নাটকে ব্যবহূত হচ্ছে বিকৃত ভাষা। নাটক, চলচ্চিত্র এবং সাহিত্যে আঞ্চলিক ভাষা ব্যবহারে দোষের কিছু নেই। কিন্তু সেই আঞ্চলিক ভাষাও অনেক ক্ষেত্রে বিকৃত হয়। যারা আঞ্চলিক ভাষা ব্যবহার করেন, তারা আঞ্চলিক ভাষাটাও ঠিকমতো রপ্ত করেন না। এমন অসচেতনতাই ভাষায় বিকৃতি ডেকে আনে।
বাংলা ভাষার বিকৃতি রোধে ২০১২ সালে উচ্চ আদালত বেতার ও দূরদর্শনের অনুষ্ঠানমালায় বাংলা ভাষার বিকৃত উচ্চারণ না করতে নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে আদালত বাংলা ভাষার দূষণ, বিকৃত উচ্চারণ, ভিন্ন ভাষার সুরে বাংলা উচ্চারণ এবং ভাষার অবক্ষয় রোধে একটি কমিটি গঠন করতে বলেছিলেন। কিন্তু আদালতের এসব নির্দেশনা উপেক্ষিতই রয়ে গেছে। প্রাতিষ্ঠানিক ও সৃজনশীল কাজে প্রমিত বাংলা ব্যবহার জরুরি। এ ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা এবং তা বাস্তবায়নে দৃঢ় অবস্থান থাকতে হবে। সবচেয়ে প্রয়োজন মানুষের সচেতনতা। সবাই সচেতন হলে প্রমিত বাংলা ব্যবহারে সাফল্য আসবে।