- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রসঙ্গ: ধারারগাঁও হালুয়ারঘাট সেতু- মন্ত্রীকে অনুরোধ জানিয়ে ড. সাদিকের আধা সরকারিপত্র

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর ধারারগাঁও-হালুয়ারঘাটে সেতু নির্মাণের অনুরোধ করে সড়ক ও সেতু মন্ত্রীকে আধা সরকারি পত্র দিয়েছেন পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
গত বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র কাছে পাঠানো আধা সরকারি পত্রে ড. মোহাম্মদ সাদিক উল্লেখ করেছেন- সুনামগঞ্জ জেলা সদর মৎস্য ও বালু-পাথরসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। কৃষি সম্পদের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সদর উপজেলাকে দুই ভাগ করেছে সুরমা নদী। সুনামগঞ্জ জেলা শহরের উত্তর-পূর্ব দিক দিয়ে যাওয়া সড়ক সুরমা নদী পর্যন্ত গিয়ে দক্ষিণ পাড়ে   ধারারগাঁও এবং উত্তরপাড়ে হালুয়ারঘাট থেকে মঙ্গলকাটা বাজার এবং বিখ্যাত ‘ডলুরা শহীদ স্মৃতিসৌধ’ হয়ে সীমান্তের বর্ডারহাট পর্যন্ত বিস্তৃত হয়েছে।
ড. সাদিক তাঁর আধা সরকারি পত্রে উল্লেখ করেন-অত্যন্ত পরিতাপের বিষয় যে, ‘বাংলাদেশের এই অভূতপূর্ব উন্নয়নের যুগেও ধারারগাঁও থেকে হালুয়ারঘাট অর্থাৎ সুরমার এ অংশটিতে প্রাচীন পদ্ধতিতে ছোট ছোট নৌকায় করে পার হতে হয়। এতে লাখ লাখ নারী-পুরুষ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের মানুষকে ভোগান্তি ও দুর্ঘটনার শিকার হতে হয়।
আধা সরকারি পত্রে উল্লেখ রয়েছে, ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু হলে জেলা শহরের নিকটবর্তী মঙ্গলকাটা বাজার, বনগাঁও বিজিবি ক্যাম্প, সুনামগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলার অনেকগুলো ঘনবসতিপূর্ণ ইউনিয়নের মানুষের জেলা শহরে যাতায়াতের সুবিধা হবে। সুনামগঞ্জ জেলা শহর থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ডলুরা শহীদ মিনার ও শহীদ স্মৃতি বিজড়িত স্মৃতিসৌধে যাতায়াতের দুর্ভোগ থেকে রক্ষা পাওয়া যাবে। সুনামগঞ্জ জেলা ও ভারতের মেঘালয় সীমান্তে যে ‘বর্ডারহাট’ গড়ে ওঠেছে সেই হাটে সরাসরি যোগাযোগ স্থাপন হবে। কৃষি পণ্যের বিপুল উৎপাদনকে যথাযথ বাজারজাতকরণ এবং এর মাধ্যমে দরিদ্র বিমোচন ও কর্মসংস্থনের ব্যবস্থা হবে।
বাংলাদেশের সুনামগঞ্জ থেকে ভারতের মেঘালয়ের বালাহাট পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা উন্নত করার মাধ্যমে সুনামগঞ্জ ও বালাহাট সীমান্তে বর্ডারহাটের পাশে ভবিষ্যতে স্থলবন্দর প্রতিষ্ঠার সম্ভাবনাকে সহায়তা করা যা স্বাধীনতার পূর্বেও একটি বহুল ব্যবহৃত পথ ছিল।
আধাসরকারি পত্র প্রসঙ্গে জানতে চাইলে ড. মোহাম্মদ সাদিক বলেন, ‘সুনামগঞ্জের সন্তান হিসাবে আমি মনে করছি লক্ষ মানুষের প্রাণের দাবির সঙ্গে সম্পৃক্ত থাকতে। এজন্যই মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে আধা সরকারি পত্র দিয়ে অনুরোধ জানিয়েছি’।

  • [১]