- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রসঙ্গ: পৌর কর ও নাগরিক ভাবনা

আব্দুল্লাহ আল নোমান :- সুনামগঞ্জ পৌরসভা প্রায় শতবর্ষের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই শহরে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের সংখ্যাই বেশি। এখানে বড় বড় অট্রালিকার সংখ্যা খুবই কম। শহরের মানুষ শান্তি প্রিয়। যুগ যুগ ধরে সামাজিক-সাংস্কৃতিক বন্ধনে আমরা আবদ্ধ।
এক সময়ের ৯বর্গ কিলোমিটারের পৌরসভা ১৯৯১ সালে ২২.২ বর্গকিলোমিটার আয়তনে রূপ নেয়। ১৯৯৬-৯৭ সালে আমাদের এই প্রিয় পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হয়। পৌরসভা বর্ধিত হওয়ার প্রায় ২যুগ পেরিয়ে গেলেও এখনও সকল ওয়ার্ডে কাঙ্খিত নাগরিকসেবা পৌছাতে পারিনি আমরা।
সুনামগঞ্জ পৌরসভায় বছরে যে আয় হয় তা দিয়ে এত বড় একটি পৌরসভার সার্বিক উন্নয়ন অনেকটা অসম্ভব। যতটুকু উন্নয়ন হয়েছে বা হচ্ছে তার অধিকাংশই বিভিন্ন দেশি-বিদেশি প্রকল্পের মাধ্যমে। সুনামগঞ্জ পৌরসভায় ২০০৪ সাল থেকে নানা প্রকল্প আসতে শুরু করে। তারই ধারাবাহিকতায় এখনও অনেকগুলো প্রকল্পের কাজ চলমান রেখেছেন বর্তমান পৌর মেয়র ও তার পরিষদ। এ জন্য মেয়রসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
সম্প্রতি শহরেজুড়ে পৌর কর নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। সবখানেই এ নিয়ে নানা গুঞ্জন। সবারই মাথ্য ব্যথা পৌরসভার কর সংক্রান্ত নোটিশ। এই নোটিশের ভাষ্য অনুযায়ী কারো পৌর কর দ্বিগুণ, কারো ৪৫ গুণ নির্ধারণ করা হয়েছে। এই করের সীমাহীন বোঝা কে কিভাবে মওকুফ পাবেন তা নিয়ে সবাই অস্থির। শহরে প্রায় ৯ সহস্রাধিক কর দাতা রয়েছেন। এর মধ্যে বাণিজ্যিক ও আবাসিক করদাতা রয়েছেন। তবে ইদানিংকালে অধিকাংশ কর দাতার মধ্যেই কর পরিশোধের একটা অভ্যাস গড়ে উঠেছে। এটা ইতিবাচক। কর আদায়ের হার আগের তুলনায় এখন অনেক ভাল।
স্থানীয় সরকারের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান পৌরসভা। পৌরসভার মেয়রের কোন উপদেষ্টা নেই, আছে Municipal Legislation।  তিনিই এই প্রতিষ্ঠানে প্রধান এবং সর্বময় ক্ষমতার অধিকারী। এ জন্য শক্তিশালী এই প্রতিষ্ঠানের নাগরিকদেরও সাবলম্বী হওয়া উচিত। নাগরিকদের স্বাবলম্বী ও শক্তিশালী করতে পৌর পিতা হিসেবে মেয়র সব রকম সহযোগিতা দিবেন- এটাই সব নাগরিকের প্রত্যাশা।
আমরা সুনামগঞ্জ পৌরসভাকে একটি শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসাবে দেখতে চাই। আমরা চাই একটি স্বাবলম্বী পৌরসভার গর্বিত নাগরিক হতে। পৌরসভা বিষয়ক আইন ও বিধিমালা ২০০৯-এর ৯৮-১০৫ বিধিতে পৌর নাগরিকের  জন্য সহনশীল কর নির্ধারণের উল্লেখ রয়েছে। এই কর নির্ধারণে আইনের পাশাপাশি সেটা হতে পারে পৌর নাগরিকের সাথে মতবিনিময়ের মাধ্যমে। পার্শ্ববর্তী পৌরসভার কর যাচাই করণ ও করের শ্রেণী বিভাজন করে। সহনীয় কর নির্ধারণের পর নাগরিকদের নিয়মিত কর পরিশোধের উদ্বুদ্ধকরণ ও আদায়ের ব্যবস্থা করা। হঠাৎ করে অধিক পরিমাণে কর নির্ধারণের ফলে কর পরিশোধে নাগরিকদের অনিহা সৃষ্টি হতে পারে। সে দিকেও খেয়াল রাখতে হবে। অস্বাভাবিক কর আরোপে যে কোন নাগরিক সংক্ষুব্ধ হয়ে অন্যত্র আশ্র্রয় খুজতে পারেন। এতে সমস্যা সৃষ্টি হবে।
নির্ধারিত করের পুনর্মূল্যায়নে ৫০ টাকার ফরম ক্রয় করা নাগরিকদের বাড়তি বোঝা নয় কি? আমাদের আহবান নাগরিকদের প্রতি প্রেরিত নোটিশ স্থগিত করে পৌরসভার সকল স্তরের নাগরিকের সাথে মত বিনিময়ের মাধ্যমে কর পুনর্নির্ধারণ করণ। আমরা চাই, বর্তমান পৌর মেয়রের আধুনিক ও দৃষ্টি নন্দন পৌরসভা গঠনের যে স্লোগান সেটি সকল নাগরিকদের নিয়েই তারা সফল করবেন। পৌর নাগরিকদের কাঁধে সীমাহীন করের বোঝা চাপিয়ে, তাদের আতঙ্কিত করে বা কষ্ট দিয়ে এই স্লোগানের বাস্তবায়ন কঠিন। পরিশেষে বলব, নাগরিক বান্ধব পৌরসভা গঠনে বর্তমান পৌর মেয়র ও তার পরিষদের নিরলস প্রচেষ্টা সফল হোক।
লেখক: সাবেক কাউন্সিলর সুনামগঞ্জ পৌরসভা

  • [১]