দেওয়ান সালাদীনের
বিবৃতি
দেওয়ান গণিউল সালাদীন এক বিবৃতিতে বলেছেন, ‘করের অঙ্ক, না হয় যেন পৌরবাসীর আতঙ্ক’।
লিখিত বিবৃতিতে সালাদীন বলেছেন, ‘আমাদের সুনামগঞ্জ শহর একটি ঐতিহ্যবাহী শহর। কালে কালে এই পৌরসভার দায়িত্ব নিয়ে পৌরবাসীর সেবায় কাজ করে গেছেন দেওয়ান ওবায়দুর রাজা চৌধুরী, মেজর ইকবাল হোসেন চৌধুরী, দেওয়ান জয়নুল জাকেরীন, মনোয়ার বখত নেক, দেওয়ান মমিনুল মউজদীন। তাঁরা সবাই সুনামগঞ্জ পৌর শহরকে একটি শান্তি ও সম্প্রীতির শহর হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন। তাঁদের কাজকে সাধুবাদ
জানিয়ে পৌরবাসী তা সাদরে গ্রহণও করেছিলেন। আমরা বর্তমান মেয়র মহোদয়ের কাছে পূর্বের পৌর প্রতিনিধিদের মত সেবাই আশা করেছিলাম। কিন্তু সম্প্রতি সুনামগঞ্জ পৌরসভার সম্মানিত নাগরিকগণের ঘরে ঘরে পৌঁছে দেয়া পৌর মেয়রের স্বাক্ষরিত হোল্ডিং ট্যাক্সের কয়েকটি রশিদ দেখেছি, বিভিন্ন মহল্লার বাসিন্দারা এ নিয়ে আমার সঙ্গে কথা বলেছেন, এ নিয়ে তারা আমার সাথে মতবিনিময় সভাও করেছেন। সভায় তারা আতঙ্কের সাথে বলেছেন যে, পৌরকর পূর্বের চাইতে কয়েকগুণ বাড়িয়ে দেয়া হয়েছে। যা পৌরবাসীকে ভাবনায় ফেলে দিয়েছে।
সংবাদপত্রের মাধ্যমে জানতে পারলাম মেয়র মহোদয় জেলার বিজ্ঞ আইনজীবীদের সাথে মতবিনিময় করে কর আরোপ স্থগিত করেছেন। এজন্য সাধুবাদ জানাই। ধন্যবাদ বিজ্ঞ আইনজীবীদেরও। তবে আমরা শুধু স্থগিত ঘোষণা চাই না। আমরা চাই সম্মানিত নাগরিকদের উপর থেকে বাড়তি করের বোঝা প্রত্যাহার করা হোক। পৌরকর হলো পৌরসভার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যার সঙ্গে পৌরসভার প্রতিটি নাগরিক জড়িত। এটি এমন একটি সিদ্ধান্ত যা পৌরসভার অভিভাবক হিসেবে পৌর মেয়র অনেক চিন্তা ভাবনা করে এবং সেই সাথে পৌরসভার সম্মানীত নাগরিকদের মতামতের ভিত্তিতে এই পৌরকর নির্ধারণ করা উচিত ছিল। যা প্রত্যেক মানুষ সাদরে গ্রহণ করতো। কিন্তু তা না করে এমন এক কর ধার্য করা হয়েছে, যা মানুষের উৎকন্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কর প্রত্যাহার না করে শুধু কর্মচারীর উপর দোষ চাপালেই সমস্যার সমাধান হবে বলে পৌরবাসী মনে করে না। কারণ কর সম্পর্কে চূড়ান্ত সিন্ধান্ত নেয়ার অধিকার শুধু আপনাকেই দেয়া হয়েছে। তাই আমি মনে করি, মেয়র সাহেব পৌর নাগরিকদের মতামতের মূল্য দিয়ে নাগরিকদের উপর অযৌক্তিক, ভীতিকর করারোপ প্রত্যাহার করে আমাদেরকে চিন্তামুক্ত করবেন। আমরা চাই শান্তির শহরের মানুষ যেন শান্তিতেই থাকেন। অন্ততপক্ষে করের অংক না হয় যেন আতংক।’ (প্রেস বিজ্ঞপ্তি)