- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রসেনিয়ামের আবৃত্তির অনুপম এক ঘণ্টা

স্টাফ রিপোর্টার
কোন আনুষ্ঠানিকতা নেই। মঞ্চে নেই কোন সভাপতি, প্রধান বা বিশেষ অতিথি। দর্শকরা আসন গ্রহণ করার পরপরই মঞ্চ ও হলের সবগুলো আলো নিভিয়ে দিয়ে শুরু হলো অনুষ্ঠান। নিখাঁদ কবিতা আবৃত্তির পরিকল্পিত প্যাকেজ ছিল এটি। শহরের প্রতিশ্রুতিশীল সংস্কৃতি সংগঠন প্রসেনিয়ামের ছয় আবৃত্তি শিল্পী জেলা শিল্পকলা একাডেমীর পৃষ্ঠপোষকতায় শুক্রবার সন্ধ্যায় পুরো একটি ঘণ্টা শুধু কবিতা দিয়ে দর্শকদের এক অন্যরকম আনন্দের মধ্যে ডুবিয়ে রাখলেন। সাথে বড় পর্দায় কবিতাকে দৃশ্যায়নের মাধ্যমে ফুটিয়ে তোলার প্রাযুক্তিক প্রক্রিয়াটি ছিলো আয়োজকদের সৃজনশীল চিন্তা-চেতনার পরিচায়ক। আবৃত্তিসন্ধ্যাটি অনুষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমীর হাসনরাজা মিলনায়তনে। কবিগুরুর আনন্দলোকে মঙ্গলালোকে গানটির অডিও শোনানোর পর ছয় আবৃত্তিশিল্পী একে একে     
 পরিবেশন করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তর মম বিকশিত কর, সৈয়দ শামসুল হকের আমি জন্মেছি বাংলায়, মাহবুবুল আলম চৌধুরীর আমি কাঁদতে আসি নি ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাকিদ হায়দারের আমার মা, আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তীর কথা বলছি ও কোন এক মাকে, ভবানী প্রসাদ মজুমদারের বাংলাটা ঠিক আসে না, অতুল প্রসাদ সেনের আ মরি বাংলা ভাষা, জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে, রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর রাস্তার কবিতা ও সশস্ত্র বাহিনির প্রতি, আহসান হাবিবের সার্চ, নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো ও হুলিয়া এবং কাজী নজরুল ইসলামের কা-ারী হুশিয়ার। ১৬টি কবিতার কোন কোনটি একক কণ্ঠে আবার কোন কোনটি ছিল বৃন্দ পরিবেশনা। বিশেষ করে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর রাস্তার কবিতার পয়ার ছন্দে আবৃত্তিটি ছিল খুব মনোগ্রাহী। বৃন্দ আবৃত্তির সাথে দৃশ্যায়নের সমন্বয় ছিলো চমৎকার। ছয় আবৃত্তিািশল্পী হলেন, দেবাশীষ তালুকদার শুভ্র, আবিদ খান হৃদয়, আলাউর রহমান, রুবাইয়া আলতাফ নুরা, বরাত শেখ ও ফয়সল খান রকি । পুরো প্যাকেজ আয়োজনে কাজ করেছে প্রসেনিয়ামের সকল সদস্য-সদস্যারা।  
আবৃত্তি পরিবেশনার পর আয়োজক সংগঠক প্রসেনিয়াম মঞ্চে ডেকে নেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, বিশিষ্ট লেখক অ্যাড, স্বপন কুমার দেব, নাট্যশিল্পী রমেন্দ্র ভট্টাচার্য, অ্যাড. রোকেস লেইস, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পঙ্কজ কান্তি দে,  কালচারাল অফিসার আহমদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, কবি কুমার সৌরভ, কবি রুনা লেইস, অধ্যক্ষ অনীষ তালুকদার বাপ্পু প্রমুখকে। অতিথিরা কবিতার শহরে এমন আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করায় শিল্পকলা একাডেমী ও প্রসেনিয়ামকে ধন্যবাদ জানান। কণ্ঠশীলন, উচ্চারণ চর্চা, শব্দ প্রক্ষেপণ, আবেগের পরিমিতিবোধ এমনসব বিষয়ে ধারাবাহিক চর্চা ও প্রশিক্ষণের ্উপর অতিথিরা গুরুত্ব দেন। পরে প্রসেনিয়ামের সদস্যদের সাথে অতিথিদের ফটোসেশন করা হয়।

  • [১]