- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রস্তাবক ও সমর্থকের ভোটও পেলেন না দুই লন্ডনি

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচনে হাস্যকর ভোট পেলেন দুই লন্ডন প্রবাসী প্রার্থী। এই দুই প্রার্থী প্রস্তাবকারী ও সমর্থনকারীর (মনোয়ন প্রদানের সময় প্রস্তাব ও সমর্থনকারী) ভোটও পাননি।
জেলা পরিষদ নির্বাচনে জেলার ১২১৫ ভোটের মধ্যে ১২০৮ জন ভোটার ভোট প্রদান করেন। এর মধ্যে লন্ডন প্রবাসী মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী ৪ এবং চঞ্চলা দাস পেয়েছেন দুই ভোট।
আহবাব হোসেন চৌধুরী ধর্মপাশা জনতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১, দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ ও ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ টি ভোট পান। এই প্রার্থীর বাড়ি দিরাই উপজেলায় হলেও ঐ উপজেলায় তিনি কোন ভোট পাননি। আহবাব হোসেন চৌধুরী’র        
প্রস্তাব ও সমর্থনকারী ছিলেন কুলঞ্জ ইউনিয়নের দুই ইউপি সদস্য। কুলঞ্জ ইউনিয়নের ভোটকেন্দ্র শাল্লা’র শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কোন ভোট পাননি আহবাব হোসেন চৌধুরী।
আহবাব হোসেন চৌধুরী’র কাছে বুধবার সন্ধ্যায় প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন,‘বাংলাদেশের ভবিষ্যত নিয়ে আমি শঙ্কিত, আমার বলার কিছু নেই। আমার প্রস্তাবক সমর্থকরাও আমাকে ভোট দেননি।’
চঞ্চলা দাসের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জে হলেও ঐ উপজেলায় তিনি কোন ভোট পাননি। বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ এবং দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ১ টি করে ভোট পান।
চঞ্চলা দাসের সমর্থক দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউপি সদস্য সুপ্রভা রানী বৈষ্ণবও তাকে ভোট দেননি।
প্রতিক্রিয়ায় চঞ্চলা দাস বলেন,‘আমার সমর্থক সুপ্রভা রানী বৈষ্ণব কাকে ভোট দিয়েছে আমাকে বলেছে, এবং কিভাবে দিয়েছে সেটিও জানিয়েছে’।

  • [১]