- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রস্তাবিত বাজেটে করের বোঝা বাড়বে: বিএনপি

সু.খবর ডেস্ক
অর্থমন্ত্রীর দেওয়া ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গতানুগতিক’ আখ্যা দিয়ে তা বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করছে বিএনপি। এছাড়া প্রস্তাবিত এই বাজেটে মানুষের করের বোঝা বাড়বে বলেও মনে করছে দলটি। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেট নিয়ে দলটির পর্যালোচনায় এ কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির পর্যালোচনা তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘বাজেটে যেভাবেই কর আরোপের চিত্র দেখানো হোক না কেন, বাস্তবে মানুষকে অতিরিক্ত করের বোঝা বহন করতে হবে। এর বিনিময়ে জনগণ কী পাবে সেটা স্পষ্ট করা হয়নি বাজেটে।’
৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গত ২ জুন জাতীয় সংসদে আগামী ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা এবং মোট রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে ২ লাখ ৪২ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে এতে ঘাটতি ধরা হয়েছে ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা।
প্রস্তাবিত বাজেট উপস্থাপনের এক সপ্তাহের মাথায় বুধবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় লিখিত বক্তব্যে নানা পরিসংখ্যান তুলে ধরেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘বাজেটটি এক অর্থে গতানুগতিক। আর দূর অতীতের বাজেটের আকারের সঙ্গে তুলনা করলে বাজেটটি উচ্চাকাঙ্খী। অর্থমন্ত্রী নিজেও তা স্বীকার করেছেন। বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে।’
২০১৬-১৭ অর্থবছরের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না এমন অভিমত ব্যক্ত করে ফখরুল বলেন, ‘পূর্ববর্তী অর্থবছরগুলোর মতন অর্থমন্ত্রীকে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রায় নিম্নমুখী সংশোধন করতে হবে। নিম্নমুখী সংশোধনের মানে হল ব্যয় কাটছাঁট করা। কোথায় অর্থমন্ত্রী কাটছাঁট করবেন? শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মত কল্যাণমুখী খাত থেকে অথবা মানবকল্যাণ এর সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, এমন কোন খাত থেকে। অর্থমন্ত্রী রাজস্ব সংগ্রহ লক্ষ্যমাত্রার ক্ষেত্রে উচ্চাভিলাষী। কিন্তু সেই অনুযায়ী সঠিক ব্যবস্থাপনা ও কৌশল নির্ধারণে তাকে যত্মশীল হতে দেখা যাচ্ছে না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘উচ্চ আয়ের ব্যক্তিদের শনাক্ত করা গেলে বিশাল অংকের আয়কর আহরণ সম্ভব হবে। এর ফলে সরকারের রাজস্ব আয় যেমন বৃদ্ধি পাবে তেমনি সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যটিও সহজসাধ্য হবে। দুর্ভাগ্যের বিষয় এই লক্ষ্যে সৃজনশীল উদ্যোগ নেওয়া হচ্ছে না।’
তিনি বলেন, ‘বিএনপি মনে করে বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টি করে ব্যক্তি খাতকেই এগিয়ে আসার সুযোগ দিতে হবে। মনে রাখতে হবে সরকারি বিনিয়োগ প্রায়ই অদক্ষতার দোষে দুষ্ট হয়। কারণ সরকারের পক্ষ থেকে যারা বিনিয়োগ ব্যবস্থাপনা করেন তাদের ব্যক্তিগত দায়বদ্ধতা থাকে না।’
ফখরুল বলেন, অর্থমন্ত্রীর বাজেট রচনার স্তরে কিছু কিছু জনগোষ্ঠীর সঙ্গে পরামর্শ করলেও সেসব গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছে তাদের পরামর্শ বিবেচনায় নেওয়া হয়নি।
এই সরকারের পক্ষে জনবান্ধব কোনো বাজেট দেওয়াও সম্ভব নয়— মন্তব্য করে তিনি বলেন, ‘একটি সুষ্ঠু এবং সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয় তেমন একটি সংসদের পক্ষেই সত্যিকারের দেশপ্রেম ও জনকল্যাণমুখী বাজেট অনুমোদন করা সম্ভব। বর্তমান সংসদের সে রকম চরিত্র নেই।’
তিনি আশা প্রকাশ করেন, দেশে সত্যিকার জনপ্রতিনিধিত্বমূলক সংসদ গঠিত হবে। এর জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন হওয়া প্রয়োজন।

  • [১]