সু.খবর ডেস্ক
শ্রীলঙ্কা সফরে মাঠে প্রথম দিনটি খারাপ কাটেনি চন্দিকা হাথুরুসিংহের শিষ্যদের। তামিম ইকবালের শতক আর মুমিনুল হক-লিটন দাসের অর্ধশতকের ওপর ভর করে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৯১ রান করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে সৌম্য সরকার ছাড়া টপ অর্ডারের বাকি দুই ব্যাটসম্যানই রান পেয়েছেন। দুই বাঁহাতি ব্যাটসম্যানই মাঠ ছাড়েন স্বেচ্ছায়। মুমিনুল ৭৪ বলে অর্ধশতক ছুঁয়ে অবসর নেন ৭৩ রান করে। আর ১৮২ বলে ১৩৬ রান করে স্বেচ্ছা অবসরে যান তামিম।
মুমিনুল মাঠ ছাড়ার পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। ছন্দে থাকা এই ব্যাটসম্যানের ওপর ছয় নম্বরে নেমে ওপরে খেলার চাপ বহুদিনের। মাহমুদউল্লাহর জায়গায় ব্যাটিংয়ে নেমে ৩৭ বলে দুটি চারে ফিরেন ২১ রান করে। এই সময়েই তামিমের সঙ্গে গড়েন ৭৫ রানের জুটি।
মুশফিকের মতো সাকিব আল হাসান ও মাহমদুউল্লাহও থিতু হয়ে আউট হওয়ায় দিনটি পুরোপুরি তৃপ্তিতে কাটেনি বাংলাদেশের। স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিং করেননি সাকিব। শট খেলার ব্যাপারেও সতর্ক ছিলেন তিনি। চেষ্টা করেছেন উইকেটের চার পাশে খেলার।
ছয় নম্বরে যাওয়া মাহমুদউল্লাহর মধ্যেও ছিল একই প্রচেষ্টা। থিতু হওয়ার পর শটও খেলেন ছন্দে ফেরার লড়াইয়ে থাকা এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। চামিকা করুনারতেœর স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে কট বিহাইউন্ড হয়ে ফিরেন মাহমুদউল্লাহ।
৩৬১ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে অস্বস্তিতে ফেলে দেন মেহেদী হাসান মিরাজের দ্রুত বিদায়। মুখোমুখি প্রথম বলে স্লিপে সহজ দিয়ে বেঁচে যাওয়া এই তরুণ অলরাউন্ডার করুনারতেœর বলেই উইকেটরক্ষকের গ্লাভসবন্দি হন।
এদিকে টেস্ট দলে ফেরা প্রায় নিশ্চিত লিটন দাশের। কিপিং গ্লাভসও ফিরে পাওয়া নিশ্চিত এই তরুণের। ১০ বছর আগে শ্রীলঙ্কা সফরে কিপিং গ্লাভস নিজের করে নিয়েছিলেন মুশফিক। আরেক লঙ্কা সফরে এবার সেই গ্লাভস ফেরত দিতে হচ্ছে তাকে। তবে আজ ব্যাটিংও ছন্দ ফিরে পেয়েছেন তিনি। ৬৪ বলে ১০টি চারে খেলেছেন অপরাজিত ৫৭ রানের ঝকঝকে এক ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৯১/৭ (তামিম ১৩৬, সৌম্য ৯, মুমিনুল ৭৩, মুশফিক ২১, সাকিব ৩০, মাহমুদউল্লাহ ৪৩, লিটন ৫৭*, মিরাজ ১, তাইজুল ৪*; করুনারতেœ ৩/৬১, সামারাকুন ১/৭০, বুদ্দিকা ০/৬৮, জয়াবিক্রম ০/৫১, সামারাসুরিয়া ০/২২, আম্বুলডেনিয়া ১/৫৭, হাসারাঙ্গা ০/৫১)