স্টাফ রিপোর্টার
সারা দেশের ন্যায় গতকাল রোববার সুনামগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। তবে প্রথম দিনের পরীক্ষায় জেলায় দুই শাখায় মোট ৪ হাজার ২০৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
জানা যায়, এবার প্রাথমিক শিক্ষা সমাপনীতে মোট পরীক্ষার্থী ৫৫ হাজার ৭৬৫ জন, পরীক্ষায় অংশগ্রহণ করে ৫২ হাজার ১৩৭ জন, অনুপস্থিত ছিল ৩ হাজার ৬২৪ জন (এর মধ্যে ইংরেজি ভার্সনে ৩২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল)। ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৪ হাজার ৮২ জন, প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করে ৩ হাজার ৫০৩ জন, অনুপস্থিত ছিল ৫৭৯ জন। জেলার মোট ১৭১ কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষা সমাপনীতে উপস্থিতির হার ৯৪.০৯ ও ইবতেদায়ী সমাপনীতে উপস্থিতির হার ৮৫.৯১। অনুপস্থিত থাকার হিসাবে প্রাথমিক শিক্ষা সমাপনীতে গড়ে ৬ ভাগ ও ইবতেদায়ী সমাপনীতে ৪ ভাগ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ছিল ৫৫ হাজার ৮৭০ জন, পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৫২ হাজার ৫৬২ জন, অনুপস্থিত ছিল ৩ হাজার ৩০৮ জন। ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ৪ হাজার ১৫৪ জন, পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৩ হাজার ৫৬৮ জন, অনুপস্থিত ছিল ৫৮১ জন।
ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদুল হাসান জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। হাওরের বোরো ফসলহানি, দরিদ্রতা ও অসচেতনতাসহ নানা কারণে কিছু পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বিষয়টির খোঁজ খবর নেয়া হবে।