- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রাথমিক স্তরকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা প্রয়োজন

প্রাথমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন সরকার। সিদ্ধান্তটি এই বছরের ১ জানুয়ারি থেকে কার্যকরী করার কথা ছিলো। কিন্তু বাস্তবে ১ জানুয়ারি অতিক্রান্ত হলেও কোন বিদ্যালয় এমন কোন সরকারি নির্দেশনা পান নি। অভিভাবকরা বিশেষ করে গ্রামাঞ্চলের দরিদ্র লোকজন সরকারি সিদ্ধান্তে ভীষণ খুশি হয়েছিলেন, তারা অনেকেই পঞ্চম শ্রেণি উত্তীর্ণ ছেলে-মেয়েদের এখনও বড় অংকের টাকা খরচ করে হাইস্কুলে ভর্তি করেন নি। এই অভিভাবকরা হয়তো এ বছরই সুযোগটি পাচ্ছেন না, অন্তত দৃশ্যপট দেখে এমনই মনে হচ্ছে সকলের কাছে। তবে আমরা কামনা করি সরকারের এই মহতি সিদ্ধান্তটি বাস্তবায়নের প্রক্রিয়া এ বছরই শুরু করবেন যাতে করে সামনের বছরে সর্বসাধারণ এই সুযোগটি গ্রহণ করতে পারেন। আমরা জানতে পেরেছি যেসব বিদ্যালয়ের বর্তমান অবকাঠামোগত সুবিধায় অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান চালু সম্ভব সেই বিদ্যালয়গুলোর তালিকা সংগ্রহ করা হচ্ছে।
শিক্ষা কার্যক্রমে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাইমারি স্কুল, দ্বাদশ শ্রেণি পর্যন্ত হাইস্কুল এর পর কলেজ-উচ্চ শিক্ষা, এই স্তর বিন্যাসটি শিক্ষার আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিন্যাস। বাংলাদেশ নীতিগতভাবে শিক্ষার এই আন্তর্জাতিক বিন্যাসটিকে স্বীকৃতি দিয়ে বাস্তবায়নের চিন্তা শুরু করেছেন, বিষয়টি খুবই আনন্দের। শিক্ষার এই বিন্যাসে ছাত্র-ছাত্রীরা অহেতুক বিদ্যালয় পরিবর্তন ও পরীক্ষার বিড়ম্বনা থেকে রক্ষা পাবে। একই সাথে মানসম্মত শিক্ষাগ্রহণ নিশ্চিত করা যাবে। অভিভাবকরা বিদ্যালয় পরিবর্তনজনিত আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচবেন।
আমরা জানি দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে একযুগে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান শুরু করা খুব কঠিন কাজ। এজন্য প্রাইমারি স্কুলগুলোর বিদ্যমান অবকাঠামোর ব্যাপক বর্ধিতকরণ, শিক্ষক সংখ্যা বৃদ্ধি এবং অন্যান্য উপকরণাদির সমাহার ঘটাতে হবে। সুতরাং পরিপূর্ণভাবে সিদ্ধান্তটি সর্বত্র কার্যকর হতে সময় লাগবে। একসাথে হয়তো সম্ভব হবে না। তবে বাছাইকৃত প্রাইমারি স্কুলগুলোতে অবিলম্বে উচ্চ শ্রেণির পাঠদান শুরু করা না হলে প্রক্রিয়াটি চূড়ান্ত হওয়াও বিলম্বিত হবে। এখন প্রাইমারি স্কুলে যারা শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন তাদের বড় অংশই ডিগ্রি বা ততোধিক শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন। এই শিক্ষকরা আধুনিক ধ্যানধারণায় সমৃদ্ধ। চাকুরিকালীন বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের ফলে তাঁদের পাঠ দানের সক্ষমতা বেড়েছে। সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের পদমর্যাদা ও আর্থিক সুবিধাদি বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। সুতরাং এই শিক্ষকরা উচ্চতর শ্রেণির পাঠদানে প্রস্তুত রয়েছেন বলেই আমরা মনে করি। সরকার যখন শিক্ষার বিন্যাসগত কাজের ধারাবাহিকতায় উচ্চ বিদ্যালয়গুলোকে কলেজে পরিণত করবেন তখন সংগত কারণেই উচ্চ বিদ্যালয় থেকে ষষ্ঠ-অষ্টম শ্রেণি বিযুক্ত হয়ে যাবে। উচ্চ বিদ্যালয়গুলোর কিছু শিক্ষককে তখন মানউন্নীত প্রাথমিক বিদ্যালয়ে আত্মীকরণ করা যেতে পারে।
গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে জেলার বিশ্বম্ভরপুর উপজেলাকেন্দ্রীক এইসংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রাইমারি স্কলে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান বাড়ানোর বিষয়ে অভিভাবকদের ব্যাপক আগ্রহের বিষয়টি প্রতিবেদনে স্পষ্ট করে ফুটে উঠেছে। বিশ্বম্ভরপুরের মানুষের যে আকাক্সক্ষা সেটিই সারা দেশবাসীর সাধারণ চাহিদা। সরকার সেটি জানেন ভালভাবেই। আশার কথা হলো বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় কোন কিছুকেই উপেক্ষা করছেন না। বরং সবগুলোকেই স্বীকৃতি দিয়ে সাধ্যমতো উন্নতির চেষ্টায় নিয়োজিত রয়েছেন।  আর শিক্ষার মান ও গ্রহণযোগ্যতাকে আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য করে তোলার প্রশ্ন যেখানে জড়িত সেটি তো এই সরকারের কাছে কোনভাবেই উপক্ষেণীয় হবে না, এই বিশ্বাসে আমরা অবিচল থাকতে চাই।

  • [১]