- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রার্থীদের প্রচারণার সময় বণ্টন করে দিলেন ভোটাররা

ইয়াকুব শাহরিয়ার, শান্তিগঞ্জ
বৃহস্পতিবার সকালে সম্পূর্ণ ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা করবেন সাধারণ সদস্য (মেম্বার) পদপ্রার্থী ছৈয়দুল হক (ফুটবল), বিকাল থেকে বর্তমান মেম্বার আলী আহমদ (টিউবওয়েল)। পরদিন শুক্রবার সকাল থেকে মাঠে কাজ করবেন আরেক সাধারণ সদস্য (মেম্বার) পদপ্রার্থী আবদুল লতিফ (মোরগ) ও বিকাল থেকে আলী আহমদ ওরফে মাম্মদ আলী (তালা)।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা, ঝগড়া ও উত্তেজনা এড়াতে নির্বাচনী প্রচারণার এমন সময় বণ্টন করে দিয়েছেন এলাকার ভোটাররা। যদি কোনো প্রার্থী এই সময় বণ্টনকে অমান্য করেন তাহলে ভোটাররা তাকে ভোট দেবেন না। তবে ভোটারদের এমন সময় বণ্টন ও সিদ্ধান্তে যেমন খুশি প্রার্থীরা তেমন খুুুুশি এলাকার সচেতন মহলও। প্রশংসিত এমন উদ্যোগ গ্রহণ করেছেন শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের (ইনাতনগর গ্রাম) ভোটাররা।
গত বুধবার রাত সাড়ে ৮টায় ইনাতনগর গ্রামের ফয়েজ মিয়ার বাড়িতে ওয়ার্ডের চার মেম্বার পদপ্রার্থীদের নিয়ে এক বৈঠকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফয়েজ মিয়া ও গ্রামের যুবকদের যৌথ উদ্যোগে আয়োজিত এ উদ্যোগকে স্বাগত জানান সকল মেম্বার প্রার্থীরাও।
প্রার্থীরা গ্রামের সকলের সামনে হাত তুলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলেন, যে কোনো ধরণের সহিংসতা, আপত্তিকর ঘটনা ও ঝগড়া-ফ্যাসাদ ঠেকাতে সকলে মিলে এক হয়ে কাজ করবেন। নিজ নিজ সমর্থক, গোষ্ঠী ও আত্মীয়স্বজনদের সব ধরণের বিশৃঙ্খলা থেকে বিরত থাকার কথা জোর দিয়ে বলবেন। ওয়ার্ডে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে তারা বদ্ধপরিকর।
সদস্য (মেম্বার) পদপ্রার্থী আলী আহমদ, আবদুল লতিফ, ছৈয়দুল হক ও আলী আহমদ ওরফে মাম্মদ আলী বলেন, ফয়েজ মিয়া ও গ্রামবাসী মিলে যে উদ্যোগ গ্রহণ করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা সকলেই কথা দিয়েছি গ্রামবাসীর এমন উদ্যোগকে মেনে চলবো। আমরা আমাদের আত্মীয়-স্বজন, সমর্থকদের বলে দিয়েছি যে, কোনো ধরণের সহিংসতায় জড়ানো যাবে না।
এদিকে বৃহস্পতিবার ও শুক্রবার সকাল পর্যন্ত সময় বণ্টন মেনে তিনজন মেম্বার প্রার্থী প্রচারণা করেছেন। সর্বশেষ প্রচার করেন আলী আহমদ মাম্মদ আলী।
এ ব্যাপারে বাংলাদেশ মানবাধিকার কমিশন শান্তিগঞ্জ শাখার সভাপতি, ডা. শাকিল মুরাদ আফজল বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। অনুকরণযোগ্যও বটে। সব প্রার্থীরা এমন নমনীয় হলে ও এলাকাবাসী সচেতন হলে একটু সুষ্ঠু ও সফল নির্বাচন উপহার পাবো। ইনাতনগরবাসীকে ধন্যবাদ। সকলের সফলতা কামনা করি।

  • [১]