স্টাফ রিপোর্টার
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, আন্দোলন করে বিএনপি কোনদিন আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে ক্ষমতা থেকে সরাতে বা পতন ঘটাতে পারবে না।
আওয়ামী লীগের উৎপত্তি হলো জনগণ থেকে। আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ। বঙ্গবন্ধু আওয়ামী লীগকে শিখিয়ে গেছেন, জনগণকে সাথে নিয়ে তাদের অধিকার আদায়ে কাজ করতে। বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছেন।
বৃহস্পতিবার দুপুরে দিলশাদ হাজেরা অরফানেজ এন্ড ওয়েলফেয়ার সেন্টার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রী।
তিনি বলেন, মির্জা ফখরুলের বানেয়াট কথায় আওয়ামী লীগের পতন হবে এটা কেউই বিশ্বাস করে না। জনগণের জীবনমান উন্নয়নে অধিকার আদায়ে আওয়ামী লীগ সরকার কাজ করে। দেশের মানুষ জানেন, আওয়ামী লীগ ছাড়া তাদের অধিকার আদায়ে অন্য কোন দল কাজ করতে পারবে না। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে কি ঘটেছিল তা মানুষের জানা আছে।
খুলনার বিভাগীয় কমিশনার ও দিলশাদ হাজেরা অরফানেজ এন্ড ওয়েলফেয়ার সেন্টার এর সভাপতি মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, পৌর মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের উপ-পরিচালক ড. মো.আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমুখ।
এসময় সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, বিশম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সাদি উর রহিম জাদিদ, জেলা সমাজ সেবা উপ পরিচালক সুচিত্রা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেলে মন্ত্রী সুনামগঞ্জ শহরের হাছন নগরের সরকারি শিশু পরিবার পরিদর্শন করেন।