- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফতেপুর ইউপি- বিদ্রোহী প্রার্থীর জন্য দলীয় প্রার্থী বেকায়দায়- পাল্টাপাল্টি অভিযোগ

সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
আসন্ন ইউনয়ন পরিষদ নির্বাচনে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীর কারণে দলীয় প্রার্থী বেকায়দায়। দলীয় ও বিদ্রোহী প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনী মাঠ উত্তপ্ত। ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. শামসুজ্জামান শাহ (নৌকা প্রতীক), বিএনপির দলীয় মনোনিত প্রার্থী মো. শাহাব উদ্দিন শাবুল (ধানের শীষ প্রতীক), জাতীয় পাটির দলীয় প্রার্থী মো. জহিরুল ইসলাম (লাঙ্গল প্রতীক), স্বতন্ত্র আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী রনজিত চৌধুরী রাজন (অটো রিক্সা প্রতীক), স্বতন্ত্র আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মো. মহিবুর রহমান (আনারস প্রতীক), স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রেসক্লাব সভাপতি নেছার আহমদ নেছার (মোটর সাইকেল প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক আহমদ (ঘোড়া প্রতীক) নিয়ে নির্বাচনী প্রচারণায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী শামসুজ্জামান শাহ বিদ্রোহী প্রার্থী রনজিত চৌধুরী রাজন ও তার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বিদ্রোহী প্রার্থী রাজন ও তার কর্মীরা আমার কর্মীদের উপর বিভিন্ন নির্যাতন সহ প্রাণনাশের হুমকী দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে। তার বক্তব্য ও আচরণ নির্বাচন আচরণবিধির পরিপন্থি। যে কোন মুহূর্তে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে।
তিনি আরো বলেন, রাজন ও তার কর্মীদের এসব কর্মকান্ডে স্থানীয় প্রশাসনকে লিখিত ভাবে জানানো হয়েছে। অপর দিকে জাতীয় পাটির দলীয় প্রার্থী জহিরুল ইসলাম আমার বিরুদ্ধে প্রকাশ্যে মিথ্যা ভিত্তিহীন বক্তব্য প্রদান করে নিজে সুবিধা আদায়ের চেষ্টা করছেন।
স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ছাত্রনেতা রনজিত চৌধুরী রাজনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমি জনগণের স্বতস্ফুর্ত সমর্থনে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমার বিজয় নিশ্চিত বুঝতে পেরে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তুলে ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে। শামসুজ্জামান শাহ ও তার কর্মীরা আমার কর্মীদের উপর নির্যাতন সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।
বিএনপির দলীয় প্রার্থীর মো. শাহাব উদ্দিন শাবুল জানান, নির্বাচনী প্রচারণায় কোন প্রার্থীর সাথে তার প্রতিবন্ধকতা সৃষ্টি হয় নাই। সাতগাঁওয়ের মানুষ সতস্ফূর্র্তভাবে আমার জন্য কাজ করে যাচ্ছেন। বৃহস্পতিবার সামারকান্দি, দুলভারচর, হরিপুর গণসংযোগ করেছি।
স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রেসক্লাব সভাপতি নেছার আহমদ নেছার জানান, ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আমার মরহুম দাদা আমান উল্লা ও চাচা আলহাজ আব্দুল খালিক ৫ মেয়াদে চেয়ারম্যান হিসাবে সুনামের সহিত জনসেবা করে গেছেন। তার এই ধারাবাহিকতায় ইউনিয়নবাসির সেবা করার জন্য নির্বাচনে প্রার্থী হয়েছি। জনগণকে কোন ভাবে প্রভাবিত না করলে নিশ্চিত আমার বিজয় হবে।
জাতীয় পাটির মনোনিত প্রার্থীর মো. জহিরুল ইসলাম জানান, চেয়ারম্যান শামসুজ্জামান শাহ ক্ষমতায় থাকা অবস্থায় বিভিন্ন অনিয়ম দূর্নীতি করেছেন, ফলে তিনি জনগণের আস্থা হারিয়েছেন। জনগণ এবারে নির্বাচনে আমাকে সমর্থন দিয়ে দাঁড় করিয়েছেন।
স্বতন্ত্র আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান জানান, আমার নির্বাচনী অবস্থা ভাল। বৃহস্পতিবার বিশ্বম্ভরপুর সহ বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারনা করেছেন তিান।
স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক আহমদ জানান, “আমার এলাকার জনগণের সতস্ফূর্ত সমর্থনে আমি প্রার্থী হয়েছি, আমার নির্বাচনী প্রচারণা অব্যাহত আছে, নির্বাচন সঠিক ভাবে হলে আমি জয়ী হব”।
এই উপজেলায় ৬ষ্ঠ ধাপে ৪ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ।

  • [১]