- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফরহাদের স্বপ্ন বদল চিত্রশিল্পী থেকে জনপ্রতিনিধি

এনামুল হক এনি, ধর্মপাশা
ছোটবেলা থেকেই ফুল, পশু, পাখি, ঘরবাড়ি, নৌকা, সবুজ প্রকৃতির ছবি আঁকা ছিল ফরহাদ আহমদের শখ। রংতুলির আঁচড়ে মুহূর্তেই এসব চিত্রকর্ম তৈরি করতেন তিনি। এসএসসি পরীক্ষার পর ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর নিজ বাজারে শখের বসে একটি আর্টের দোকান দিয়ে রংতুলির খেলা চালিয়ে যেতে থাকেন। ২০০৪ সালে কলেজে পড়াশোনার সুবাদে পাড়ি জমান জেলা শহর সুনামগঞ্জে। সুনামগঞ্জ সরকারি কলেজে  পড়াশোনার পাশাপাশি পৌরবিপনী মার্কেটে ‘ফরহাদ আর্ট’ নামে একটি দোকান দিয়ে বাণিজ্যিকভাবে চিত্রকর্মের কাজ শুরু করেন। আর স্বপ্ন দেখতে থাকেন একজন বড় চিত্রশিল্পী হয়ে সারাদেশে নাম কুঁড়াবেন।
কিন্তু গত ৩ এপ্রিল তাঁর বাবা ফজলুর রহমান ফুল মিয়া ওই ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বাবার আকস্মিক মৃত্যু ফরহাদের সেই স্বপ্নের মোড় ঘুরিয়ে দেয়। সামনে আসে ইউনিয়ন পরিষদ নির্বাচন। রংতুলি ছেড়ে শোকাহত হৃদয় নিয়ে নিজের স্বপ্ন বদল করে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার মন স্থির করেন তিনি। শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ৫১৭ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে পরাজিত করে জয় লাভ করেন।
ফরহাদ শুধুমাত্র একজন চিত্রশিল্পীই নন, তিনি তাঁর চিত্রকর্ম চালানোর পাশাপাশি সাহিত্যাঙ্গনেও সমানভাবে জড়িত আছেন। ‘সিলেটের কবি ও কবিতা’ নামে একটি ফেসবুক পেজের এ্যাডমিন তিনি। শুধু কবিতাকে ভালবাসেন বলেই কর্মস্থল সুনামগঞ্জ থেকে বারবার ছুটে যেতেন সিলেটে।
সাহিত্য সংগঠনের কবি বন্ধুদের নিয়ে দিনের পর দিন কবিতা, আবৃত্তি নিয়ে আড্ডায় মেতেছেন কাজির বাজারব্রীজ, কিনব্রীজ, রিভারভিউসহ অনেক জায়গায়। অনলাইন ভিত্তিক তাঁর সংগঠন থেকে ‘সিলেটের কবি ও কবিতা’ নামে এ বছর একটি কবিতার বই মুদ্রিত হয়েছে। সাহিত্য চর্চার পাশাপাশি এখন জনপ্রতিনিধি হিসেবে তাঁর ইউনিয়নে জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার স্বপ্ন দেখেন ফরহাদ আহমেদ।

  • [১]