স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে কৃষক ফরিদ মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে ভিকটিমের আপন ভাই আবুল কালাম বাদী হয়ে রসুলপুর গ্রামের ৩৯ জনকে আসামী করে তাহিরপুর থানায় মামলা হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে সংঘর্ষে জড়িত ৫ আসামীকে সোমবার রাতেই গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তাহিরপুর থানার এসআই মো. গোলাম হক্কানী।
জানা যায়, উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের রসুলপুর গ্রামে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রসুলপুর গ্রামের নবী হোসেন ইউপি সদস্য পদে নির্বাচনে অংশ নেয়। নবী হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণার কাজ করে রসুলপুর গ্রামের রশিদ আলী ও রজব আলী পক্ষদ্বয়। রসুলপুর গ্রামের আবুল বাদশার পক্ষের লোকজন গ্রামের ইউপি সদস্য প্রার্থী নবী হোসেন এর বিপক্ষে কাজ করে। এ থেকেই নবী হোসেন, রাশিদ আলী ও রজব আলী পক্ষদ্বয় আবুল বাদশার পক্ষের লোকজনের সাথে বারবার ঝগড়া বিবাদ করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার পৌণে ৪টায় উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের রসুলপুর গ্রামে এ সংঘর্ষ বাঁধে। নিহত কৃষক ফরিদ মিয়া উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের রসুুলপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, কৃষক ফরিদ মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের আপন ভাই রসুলপুর গ্রামের আবুল কালাম বাদী হয়ে ৩৯ জনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় ৫ জন গ্রেফতার হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।