এনামুল হক, ধর্মপাশা
হাওরাঞ্চলে ফলসডুবির নেতিবাচক প্রভাব দিন দিন বেড়েই চলেছে। ধর্মীয় কিংবা সামাজিক উৎসবেও আগের সেই আনন্দ নেই হাওরাঞ্চলের মানুষের মনে। এখন যে কোনো উৎসবই তাদের কাছে বিষাদের মতো মনে হয়। উৎসব পালনের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ প্রতিটি কৃষক পরিবারের জন্য কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। খাদ্য চাহিদা মেটাতে গিয়েই হাওরবাসীকে যেখানে হিমশিম খেতে হচ্ছে সেখানে আগের দিনের মতো উৎসব পালন করাটা এখন কল্পনার বস্তুতে পরিণত হয়েছে।
আগামী মাসের প্রথম সপ্তাহে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। কিন্তু ঈদকে সামনে রেখে হাওরাঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে তেমন ব্যস্ততা লক্ষ করা যাচ্ছে না। হাওরপাড়ের উপজেলা ধর্মপাশার হাট বাজারগুলোতে এখনও তেমন ভীড় নেই। অথচ অন্যান্য বছর ঈদের আগে বাজারের বিপণী বিতানগুলোতে উপচে পড়া ভীড় দেখা যেতো। এবার হাওরাঞ্চলে বোরো ফসলডুবির কারণে খাদ্য, বস্ত্র ও চিকিৎসা ব্যবস্থাসহ জীববৈচিত্রের ওপর বিরূপ প্রভাব পড়েছে। ঈদের আগে কেনাকাটা করার মতো সামর্থ্য হারিয়েছেন অনেক কৃষক পরিবার। যে কৃষকের জমির পরিমাণ বেশি তার ক্ষতির পরিমাণও বেশি। হাওরাঞ্চলের কৃষকেরা সহজ শর্তে কৃষি ঋণের ব্যবস্থা করার দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত কোনো সাড়া মিলছে না। ফলে কৃষকেরা তাদের বর্তমান অভাব ও আগামীর পরিকল্পনা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
সোমবার দুপুরে ধর্মপাশা উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কাপড়ের দোকানগুলোতে তেমন কোনো ভীড় নেই। নতুন করে কাপড় বানাতে আসছে এমন লোকজনের সংখ্যাও সীমিত। তৈরি পোশাক বিক্রির দোকানগুলোতে তেমন ভীড় নেই। একই অবস্থা উপজেলার মধ্যনগর থানা সদর বাজারের। আগের বছরের তুলনায় এবার ঈদে বেচাকেনার হার তুলনামূলক অনেক কম। স্থানীয়রা জানান, অন্যান্য বছর এরকম মৌশুমে ধর্মপাশা ও মধ্যনগরের কাপড়ের দোকানাগুলোতে গভীর রাত পর্যন্ত কাজ করতে দেখা গেলেও এবারের চিত্র ভিন্ন। এবার রাত ৮ থেকে ৯টার মধ্যেই সব দোকান বন্ধ হয়ে যায়। কাজের তেমন চাপ না থাকায় আগেভাগেই দোকান বন্ধ করেন তারা।
ধর্মপাশা সদর বাজারের বর্ধন ট্রেডার্সের দর্জি নিরঞ্জন সরকার বলেন, ‘আগের ঈদে গভীর রাত পর্যন্ত কাজ করতে হতো কিন্তু এবার কাজের চাপ নেই।’
সদর বাজার জামে মসজিদ সংলগ্ন লাকী ফ্যাশনের বিক্রেতা পাভেল আহমেদ বলেন, ‘কোরবানীর ঈদে এমনিতে বেচাকেনা তুলনামূলকভাবে কম হয়। কিন্তু এবার হাওরে ফসলডুবির কারণে মানুষের মধ্যে যে অভাব দেখা দিয়েছে তাতে সব কাপড়ের দোকানেই বিক্রি কমে গেছে।’
উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে আলী আহমেদ টেইলাসের্র মালিক আলী আহমেদ বলেন, ‘অন্য বছর ঈদের আগে দোকানে কাজের ধুম পড়ে যেতো। রাত জেগে কাজ করতে হতো কিন্তু এবার তেমন কাজ না থাকায় দিনের বেলাতেই গালে হাত দিয়ে বসে থাকতে হচ্ছে।’
একই বাজারের আরেক দর্জি মো. মাহাবুবুর রহমান বলেন, ‘অভাবের তাড়নায় এলাকার মানুষজন উজানে চলে যাওয়ায় দোকানে কাজ নেই বললেই চলে। সারা দিনে দুই আড়াই শ’ টাকাও রোজগার করা যায় না।’
মধ্যনগর থানার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারের আইয়ুব আলী বস্ত্রালয়ের দর্জি মো. শফিকুল ইসলাম বলেন, ‘১৫ বছর ধরে টেইলারের কাজ করছি কিন্তু এবারের মতো এতো কম কাজ জীবনে দেখিনি। ঈদ ছাড়া অন্য বছর যে কাজ হতো এবার ঈদে সেই কাজ নেই।’
একই দোকানের দর্জি শামীম আহমেদ বলেন, ‘এখন রোজগার নেই বললেই চলে। আগের তুলনায় অর্ধেকের কম রোজগার হচ্ছে এখন। সব মিলিয়ে খুব খারাপ অবস্থা।’
মধ্যনগর বাজার বণিক সমিতির সদস্য আলাউদ্দিন বলেন, ‘হাওরাঞ্চলের মানুষ এখন কোনো রকমে দুমুঠো খেয়ে বেঁচে থাকার সংগ্রাম করে যাচ্ছে। কোনো উৎসবই ফসলহারা মানুষের মনে আনন্দ এনে দিতে পারছে না। এবার শুধু নিয়ম রক্ষার ঈদ হবে হাওরাঞ্চলে।’