- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফসলরক্ষা বাঁধের কাজ যথা সময়ে শুরুর দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে হাওরের বোরো ফসল রক্ষায় যথা সময়ে বাঁধের কাজ শুরুর দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল রোববার দুপুরে সংগঠনের পক্ষ থেকে জেলা  প্রশাসক মো. সাবিরুল ইসলামের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রতি বছর সুনামগঞ্জে হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা,      
ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের অনিময়-দুর্নীতির কারণে বাঁধের কাজ সঠিকভাবে সঠিক সময় হয় না। পানি উন্নয়ন বোর্ডের নীতিমালা অনুযায়ী হাওরে ফসল রক্ষা বাঁধের কাজে সময়সীমা হলো ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি। কিন্তু সময় মতো কাজ না হওয়ায় বারবার হাওরে ফসলহানি ঘটে। গত বোরো মৌসুমে বাঁধের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে। এতে হাওরের বাঁধ ভেঙ্গে বোরো ধান তলিয়ে যায়। হাওরের ফসলহারা কৃষকেরা অনাহারে-অর্ধাহারে আছেন। এ জন্য আগামি বোরো ফসল রক্ষায় যথা সময়ে বাঁধের কাজ শুরু এবং শেষ করতে হবে। স্মারকলিপিতে জেলার অভ্যন্তরীণ সড়ক সংস্কারের উদ্যোগে নেওয়ারও দাবি জানানো হয়।
জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানকালে সুজনের সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি হোসেন তওফিক চৌধুরী, সাধারণ সম্পাদক আলী হায়দার, সংগঠনের সদস্য কুদরত পাশা প্রমুখ উপস্থিত ছিলেন।

  • [১]