- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফসলহানির প্রভাব- ধর্মপাশায় জমেনি পশুর হাট

ধর্মপাশা প্রতিনিধি
‘গত ৩০ বছর ধরে আমি কোরবানি দিয়ে আসছি। এবার আর কোরবানি দিতে পারছি না। বোরো মৌমুমে জমি থেকে ১২-১৩শ মণ ধান পাওয়ার কথা ছিল। কিন্তু এক ছটাক ধানও তুলতে পারিনি। সব পানিতে তলিয়ে গেছে।’ অনেকটা আক্ষেপ করেই কথাগুলো বলছিলেন, ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার দুগনই গ্রামের কৃষক রাস্তু মিয়া। মধ্যনগর বাজারের আরেক কৃষক শুক্কুর আলী বলেন, ‘ফসল হারিয়ে কোনো রকমে খেয়ে পড়ে দিন কাটাচ্ছি। প্রত্যেক বছর কোরবানি দিয়ে আসছি। কিন্তু এবার কোরবানি দেওয়ার সামর্থ্য নেই।’
শুধু রাস্তু মিয়া বা শুক্কুর আলীই নয় বরং ধর্মপাশা উপজেলার অনেক বড় বড় কৃষকেই এমনটি বলছেন এবার। চলতি বছর হাওরাঞ্চলে বোরো ফসল হারিয়ে নিঃস্ব হয়েছেন উপজেলার ৪৩ হাজার কৃষক। কৃষকদের অনেকেই দীর্ঘ বছর ধরে ঈদুল আযহায় কোরবানি দিয়ে আসলেও এবার সেই কৃষকদের অনেকেই কোরবানি দিতে পারছেন না। কৃষক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষও এবার কোরবানি দেওয়ায় অনীহা প্রকাশ করছেন। পাশাপাশি গরু বিক্রেতারাও পড়েছেন বিপাকে। গরুর দাম তুলনামূলক কিছুটা কমে গেছে।
তবুও কেউ কেউ বৃহস্পতিবার ধর্মপাশা গরুর হাটে এসেছিলেন কোরবানির গরু কিনতে বা  বিক্রি করতে। সরেজমিনে হাটে গিয়ে দেখা যায়, ক্রেতা ও বিক্রেতার সংখ্যা অন্য      হাটের তুলনায় অনেক কম। প্রতি বৃহস্পতিবার হাটে ধর্মপাশা মধ্যবাজারের প্রধান সড়কে গরু নিয়ে বিক্রেতাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু এই হাটে সড়কে কোনো গরু দেখা যায়নি। কোরবানির গরু কিনতে আসা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাসিন্দা পহেল রেজা বলেন, ‘এবার অভাবের বছর। দীর্ঘ বছর ধরে কোরবানি দিয়ে আসছি। অন্য বছর বেশি দামের গরু কিনলেও এবার যত কম দিয়ে কেনা যায় ততই ভাল।’
ওইদিন গরু বিক্রি করতে আসা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবি গ্রামের বাসিন্দা উৎপল সরকার জানান, তিনি দীর্ঘ বছর ধরে গরু কেনা বেচার কাজ করেন। গত সোমবার নেত্রকোনার বারহাট্টা উপজেলার নইহাটি গরুর হাট থেকে ৪৫ হাজার ৮০০ টাকা দিয়ে একটি ষাঁড় কিনেছিলেন। তিনি আশা করেছিলেন বৃহস্পতিবার ধর্মপাশার গরুর হাটে বেশি দামে বিক্রি করতে পারবেন। কিন্তু বাজারে এসে দেখেন গরুর দাম তুলনামূলক কম। আগামী বৃহস্পতিবারও ধর্মপাশায় কোরবানির পশুর হাট বসবে। সেই বাজারে গরুর দাম হ্রাস পাওয়ার ভয়ে মাত্র ২০০ টাকা লাভে ৪৬ হাজার টাকায় গরুটি বিক্রি করে দেন। তবে গরুটির পেছনে তিনদিনে প্রায় তিনশত টাকা খরচ হয়েছে তাঁর।
আরেক গরু বিক্রেতা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা কাজল মিয়া দুপুর আড়াইটায় জানান, তিনি সকাল ছয়টায় বাজারে এসেছেন কিন্তু গরুর ভাল দাম পাচ্ছেন না। গত চৈত্র মাসে তিনি ৩৯ হাজার টাকা দিয়ে একটি ষাঁড় কিনেছিলেন। কোরবানির হাটে বেশি দামে বিক্রি করবেন ভেবেছিলেন। কিন্তু ক্রেতারা গরুটির দাম বলেছেন ৪৫-৪৬ হাজার টাকা। অথচ গেল বছর এমন গরুর দাম ৬০ হাজার টাকা হতো পারতো।
চলতি বছর নির্ধারিত স্থানে ফসলরক্ষা বাঁধ নির্মাণ না হওয়ায় উপজেলার সবক’টি হাওর ডুবে মোট ২৪ হাজার ৮০০ হেক্টর জমির ফসল প্রায় শতভাগ তলিয়ে যায়। সেই সাথে তলিয়ে যায় কৃষকের স্বপ্ন। এতে কৃষক পরিবারের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক অধিকারগুলো অরক্ষিত হওয়ার পাশাপাশি কৃষকের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত উপজেলার সকল মানুষের জীবন জীবিকায় বিরূপ প্রভাব ফেলে। এ সময় গরু বিক্রি করে কেউ কেউ শ্রমিকের মজুরি পরিশোধ করেছেন। মধ্যনগর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের খলাহাটির বাসিন্দা ফজুল হক কোরবানির হাটে গরু বিক্রি করার পরিকল্পনা করেছিলেন। তিনিও সেই সময় গোখাদ্য সংকটের কারণে কম দামে গরু বিক্রি করে দিয়েছেন। ফলে ধর্মপাশায় কোরবানির হাটে স্থানীয় গরু বিক্রেতার সংখ্যা অনেকটাই কমে গেছে এবার।

  • [১]