- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফসলহারা কৃষকদের পাশে দাঁড়ানোই নবনির্বাচিত জনপ্রতিনিধিগণের প্রধান দায়িত্ব

জেলার তিন উপজেলার ২৬ ইউনিয়নে শনিবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জনগণের প্রত্যক্ষ ভোটে ২৬ জন চেয়ারম্যান, সংরক্ষিত নারী আসনে ৭৮ জন সদস্যা ও সাধারণ আসনে আরও ২৩৪ জন সদস্য নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত এই ৩৩৪ জন জনপ্রতিনিধি অচিরেই শপথ গ্রহণের মাধ্যমে নিজ নিজ এলাকার দায়িত্ব গ্রহণ করবেন। জনসেবার মহান ব্রত অন্তরে ধারণ করে তাঁরা নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, জনগণ তাঁদের এই প্রত্যাশার জায়গা থেকেই ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সুতরাং দায়িত্ব গ্রহণ করার পর তাঁরা প্রকৃত জনপ্রতিনিধিত্বের অনুপম দৃষ্টান্ত স্থাপন করবেন, এ আমাদের এখনকার আশাবাদ। অতীত অভিজ্ঞতা থেকে আমরা জানি, জনগণের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হওয়া অনেক জনপ্রতিনিধি জনগণের স্বার্থের রক্ষক হওয়ার পরিবর্তে জনগণের নামে আসা বরাদ্দের ভক্ষকে পরিণত হন। নিরাশা জীবনের অংশ হতে পারে না। আশা হলো বেঁচে থাকার সর্বোত্তম অনুপ্রেরণা। তাই মানুষ সর্বদাই অতীতের কদর্যতা ভুলে অনিন্দ্য সুন্দর ভবিষ্যতের আবাহন করে। জনগণ প্রতিনিয়ত ভোট দিয়ে আশাহত হলেও কখনও ভোট দানে নিরুৎসাহিত হন না। তাঁরা মনে করেন, এবার হয়তো ভোটের মর্যাদা রাখবেন প্রতিনিধিরা। এই মহান আকাক্সক্ষার প্রতিদান দিতে না পারলে পরবর্তীতে ভোটের জন্য আবারও জনগণের দ্বারস্থ হওয়া কঠিন হয়ে যাবে। এবার যেমন দেখা গেছে, ২৬ ইউনিয়নের পুরানো চেয়ারম্যান প্রার্থীদের অনেকেই পরাজয় বরণ করেছেন। এ হলো জনগণের মূল্যায়নের প্রতিফলন। জনগণের এই সহজাত ক্ষমতায় আস্থা রাখলে কেউ কখনও গণবিরুদ্ধ অবস্থান নিতে পারবেন না। আমরা কায়মনোবাক্যে কামনা করি, এবার যে ২৩৪ ব্যক্তির উপর সাধারণ নির্বাচকম-লী নিজেদের প্রতিনিধিত্বের গুরুদায়িত্ব অর্পন করেছেন তাঁরা এর যথাযথ প্রতিদান দিবেন। এই আশাবাদ থেকে নবনির্বাচিত ২৩৪ জনপ্রতিনিধিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
প্রত্যাশা মোতাবেক জেলার নির্বাচনী প্রক্রিয়ায় কোথাও তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ হলো জেলা সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সম্প্রীতি, সদ্ভাব, পরমতসহিষ্ণুতা ও গণতন্ত্রপ্রিয়তার উজ্জ্বল উদাহরণ। সামনের চতুর্থ ও পঞ্চম ধাপের নির্বাচনী প্রক্রিয়ায় এই উদাহরণ অনেক বেশি কাজে আসবে। লক্ষ করার বিষয় হলো, এবার ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনী ফরাফলে ভাল করতে পারেনি। পক্ষান্তরে চাপে থাকা বিএনপি আশাতীত ভাল ফলাফল করেছে। দলগত পরিচয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমান সংখ্যক অর্থাৎ ৭টি করে ইউনিয়ন পরিষদ নিজেদের দখলে নিতে পেরেছে। আওয়ামী লীগের ৫ বিদ্রোহী প্রার্থীর বিজয় এবং যেখানে বিএনপি জিতেছে তার অনেকগুলোতেই আওয়ামী বিদ্রোহীদের শক্ত প্রতিদ্বন্দ্বিতা থেকে বুঝতে অসুবিধা হয় না দলটির মনোনয়ন সুচিন্তিত ছিল না। অবশ্য মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর বিভিন্ন ক্ষোভের কথা উঠে আসে দলের অভ্যন্তর থেকেই। প্রার্থী মনোনয়নে তৃণমূলের বাস্তবতার সাথে নেতৃত্বের সমন্বয় ছিল না। এবারের অভিজ্ঞতা থেকে জেলার অবিশিষ্ট ৭ উপজেলার মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ক্ষমতাসীন দলটি কোন্ শিক্ষা গ্রহণ করে সেটি দেখার বিষয়। স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়লাভ করা অনেকটা চিরাচরিত। কারণ মানুষ মনে করে উন্নয়ন কর্মকা- বেগবান করতে হলে ক্ষমতাসীন দলের প্রার্থী হলেই ভাল। এরকম অবস্থায় আওয়ামী লীগের অসফলতার বিষয়টি দলীয় ফোরামে নিশ্চয়ই গভীরভাবে মূল্যায়িত হবে।
ফসল হারিয়ে সুনামগঞ্জের কৃষকরা এখন দিশেহারা। সহনাভূতি ও সমবেদনার হাত নিয়ে এই জনপ্রতিনিধিগণকে দিশেহারা কৃষকদের পাশে যেতে হবে। কৃষকরা কীভাবে বর্তমান দুর্যোগ কাটিয়ে আবারও জীবনকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে পারেন তার পথ দেখাতে হবে তাঁদের। সুতরাং ভাগ্যবিড়ম্বিত ফসলহারা কৃষকদের পাশে দাঁড়ানোই নবনির্বাচিত জনপ্রতিনিধিগণের প্রধান দায়িত্ব হোক, এই আমাদের কামনা।
   
¡

  • [১]