ফসল হারানো বিপন্ন কৃষকের আহাজারিকে সুনামগঞ্জের প্রশাসনিক কর্তৃপক্ষ মোটেই আমলে নেননি। পাউবো নিজেদের ব্যর্থতা তো আড়াল করবেই। কৃষি বিভাগও একই পথ ধরেছে। পুরো জেলায় তারা ক্ষতির পরিমাণ দেখিয়েছে মাত্র ১৫ ভাগ। এদিকে বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির বিষয় খতিয়ে দেখতে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটিও কাজ শুরু করেনি। অর্থাৎ যেসব সরকারি দপ্তরের উদ্য্গো সর্বাগ্রে প্রত্যাশিত ছিল তারা এখন গা ছেড়ে বসে আছেন। তাদের মনোভাব যেন এরকম, সুনামগঞ্জের কৃষকদের ধান তলিয়ে গেছে তাতে আমাদের কি। অবস্থা এতোটাই ভব্যতার সীমা অতিক্রম করেছে যেখানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর মতো একজন দায়িত্বশীল কর্মকর্তা বাঁধ নির্মাণে গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটিকে ইঙ্গিত করে বলতে পারেন ‘এই তদন্ত কমিটি হয়েছে বিএনপির উপজেলা পরিষদ চেয়ারম্যানদের দাবির প্রেক্ষিতে’। অর্থাৎ জেলার অর্ধেক বোরো ফসল হানির বিষয়টিকে এই কর্মকর্তা একটি রাজনৈতিক রঙ দেয়ার কৌশলী চেষ্টা শুরু করেছেন। তাঁর এই মন্তব্য শিষ্টাচার, রাষ্ট্রাচার বিরোধী এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি চরম পরিহাসস্বরূপ। আমরা এহেন অর্বাচীন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। আমরা জানি, ফসল হারানোর বিষয়ে শুধু বিএনপি দলীয় উপজেলা পরিষদ চেয়ারম্যানই নন বরং সরকার দলীয় অনেকেও তীব্র অসন্তুষ্টি ও ক্ষোভ প্রকাশ করেছেন। আর এই ক্ষতি তো দিবালোকের মতো স্পষ্ট বিষয়, এখানে কারও বক্তব্য কিংবা ক্ষোভ অথবা দাবি করার প্রয়োজন নেই। প্রথমত পাউবোর সীমাহীন দুর্নীতির জন্য বাঁধ ভেঙে হাওর তলিয়েছে এরপর প্রাকৃতিক দুর্যোগের আধিক্য এই ক্ষতিকে সর্বগ্রাসী করেছে।
গতকাল বাঁধ ভাঙা ও হাওর ডুবে ফসল হানির বিষয়ে পাউবোর চিন্তাভাবনা নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত প্রতিবেদনের পরতে পরতে সুনামগঞ্জবাসীর সাথে পরিহাসের চিত্র ফুটে উঠেছে। ওই প্রতিবেদনেই উল্লেখ আছে ২০০৪ ও ২০১০ সনে হাওরের বাঁধ ভাঙার কারণে পাউবোর তৎকালীন নির্বাহী প্রকৌশলীগণকে কিছু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু এবার ক্ষতি ওই সময়ের চাইতে বেশি হলেও নির্বাহী প্রকৌশলীর কেশাগ্র এখনও ছুঁতে পারেনি কেউ। এমন ক্ষমতাধর প্রকৌশলীর পক্ষেই এমন ঔদ্ধত্য প্রকাশ করা সম্ভব বটে। আস্তে আস্তে আমাদের প্রশাসনিক সংস্কৃতিতে জবাবদিহিতার বিষয়টি উঠে যাচ্ছে কিনা সেটি এক বিরাট প্রশ্ন হয়ে সকলের সামনে উঠে এসেছে। এবার হাওরের ফসল হানি নিয়ে রাজনৈতিক পর্যায়ে বিশেষ করে ক্ষমতাসীন দলের তেমন কোন তৎপরতা দৃশ্যমান নয়। ক্ষমতাসীন নেতৃবৃন্দের কাছে ক্ষতিগ্রস্ত কৃষকের চাইতে যেন চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনটিই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতাসীন দলের কথা বাদই দিন প্রধান বিরোধী দল বিএনপি কিংবা সংসদীয় বিরোধী দল জাতীয় পার্টি, বাম ও ডান ধারার রাজনৈতিক ও কৃষক সংগঠন কারোর কোন তৎপরতা নেই। এক অদ্ভূত শূন্যতা চারিদিকে। এরকম শূন্যতা জনগনের সেবা করার জন্য নিয়োজিত কর্মচারীকে দুর্বীনিত করে তুলবে এ আর আশ্চর্য কি।
সরকারের পানিসম্পদ মন্ত্রী ও কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি ফসলহারা সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রকৃত ক্ষয়-ক্ষতির চিত্র উদঘাটন, বাঁধ নির্মাণে পাউবোর দুর্নীতি ও ফসলের ক্ষতি নিরূপণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবহেলার বিষয়গুলো খতিয়ে দেখার জন্য। সুনামগঞ্জের সংসদ সদস্যবৃন্দকে আমরা সবিনয়ে অনুরোধ জানাই বিষয়টি সরকারের উচ্চতর ধাপে উপস্থাপন করার। নতুবা ক্ষমতায় যারা আছেন তাদেরকে নিজেদের লোক মনে করতে কৃষকরা দ্বিধায় পড়ে যাবেন। জনগণের এই ধরনের মনোভাব গণতান্ত্রিক রীতিতে পরিচালিত দেশের কোন রাজনৈতিক দলের জন্যই প্রত্যাশিত নয়।