- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফসলহারা জনপদের ঈদ বাজার_ ক্রেতাশূন্য বিপণি

শহীদ নূর আহমেদ
ঈদের আর সপ্তাহ খানেক সময় বাকি। প্রতিবছর এই সময়টাতে শহরের  অভিজাত বিপণি বিতানগুলোতে ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো। কিন্তু এবারে ঈদ বাজারের পেক্ষাপট ভিন্ন মাত্রায় রূপ নিয়েছে। জেলার সবকটি হাওরের বোরো ধান অকাল বন্যায় তলিয়ে যাওয়ায় খাদ্য ও আর্থিক  সংকটে পড়েছেন কৃষির উপর  নির্ভরশীল কয়েক লক্ষ কৃষক পরিবার। ধানের উপর জীবিকা, চিকিৎসা, বিয়ে , ঈদ ,পূজা  উদযাপন নির্ভর থাকায় ফসল হারা কৃষক পরিবারে এবারের  ঈদ  আয়োজন নেই বললেই চলে । ফসল বিক্রির টাকা দিয়ে অন্যান্য বছর ধুমধাম করে  ঈদ মার্কেটিং করলেও এবারের ঈদে এইসব  পরিবারে  ঈদ  মার্কেটিং হচ্ছে খুব সাদামাটা ভাবে। শহরের অভিজাত দোকানের চেয়ে ফুটপাতে ক্রেতাদের উপছে পড়া ভিড় দেখা যায়। ক্রেতাদের বেশির ভাগই হাওরে ফসল হারিয়েছেন। বাধ্য হয়ে কমদামে ছেলে মেয়েদের ঈদের  বাজার সারছেন বলে এই প্রতিবেদকের সাথে আলাপ কালে  জানান একাধিক ক্রেতা। অভিজাত বিপণিবিতান বা দোকানগুলোতে ঈদের পোশাকের দাম বেশি হওয়ায় ফুটপাতে ঈদ মার্কেটিং করছেন বলে জানান তারা।
রবিবার বিকালে সদর  উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বিরামপুর গ্রামের আলী আহমদের সাথে দেখা হয় শহরের মধ্যবাজার এলাকায় ফুটপাতের দোকানে ।  জানালেন কাংলার হাওরের ৫ কেয়ার জমি হারিয়ে অভাবে দিন কাটছে তার। হাতে টাকা না থাকলেও ছেলে মেয়েদের কান্নায় কিছু টাকা জোগার করে  বাধ্য হয়ে আসছেন ঈদ বাজারে। মার্কেটে পোশাকের দাম বেশি হওয়ায় ফুটপাতে তিন সন্তানকে কমদামে পোশাক কিনে দিয়েছেন।
আলী আহমদ বলেন, প্রতিবছর ধান বেইচ্চাতো ঈদের মার্কেট করা যাইতো। কিন্তু এই বার সকল ধান পাইন্নে নেওয়ায় বিপদে আছি। হাতে কোন টেখা পয়সা নাই। বাচ্চাইনতেতো বুঝে না। দুই আড়াইশ টাকার মধ্যে বাচ্চাইনতেরে বুঝ দিরাম। নিজেরার লাগি কিনরাম না।
উপজেলার কাঠইর ইউনিয়নের হুসেননগর থেকে ছেলে মেয়েদের জন্যে ঈদের কাপড় কিনতে আসছেন মিনারা বেগম নামে এক মধ্যবয়সি নারী। স্বামী এখলাছুর রহমান এবারের    
 বোরো মৌসুমে ১ হাল জমি চাষ করলে ঘরে তুলতে পারেননি ফসল। অনেক অভাবেই দিন  কাটছে বলে জানান তিনি। তাই ঈদেও পোশাক কিনতে এসে চড়া দামে বিপাকে পড়েছেন এই নারী। প্যান্ট কিনার বায়না করলেও টাকা না থাকায় ফুটপাতে কাপড় কিনতে আসায় কান্না করতে দেখা যায় কৃষাণীর  ৭ বছরের ছেলেটিকে। আগামী ঈদে প্যান্ট কিনে দেয়ার  কথা দিয়ে ফুটপাতেই ঈদের বাজার করতে দেখা যায় তাকে।
মিনারা বেগম বলেন, মার্কেটে দাম অনেক । হাতে টাকা নাই। ছেলে চায় প্যান্ট কিনবে কিন্তু এতো টাকা কই পাবো। তারে এক রকম বুঝ দিয়ে  ফুটপাতেই কম দামে কাপড় কিনলাম।
 শহরের আলফাত স্কয়ার এলাকায় ভ্রাম্যমান দোকানে গেঞ্জি কিনতে দেখা যায় মোল্লাপাড়া ইউনিয়ন থেকে আসা সেলিনা ও রুফিয়া বেগম নামে দুই জন কৃষাণীকে। মার্কেটে ঈদ পোশাকের দাম বেশি হওয়ায় ফুটপাত থেকে কম দামে কাপড় কিনছেন বলে জানান তারা।
এদিকে অন্যান্য বছরের তুলনায়  ক্রেতাদের ভিড় বেশি হওয়ায় বেচা বিক্রি ভাল হচ্ছে বলে জানান একাধিক ফুটপাতের দোকানি।
কুতুব উদ্দিন নামে এক ফুটপাতের দোকানি বলেন, অন্য বছরের চেয়ে এবার ক্রেতার ভিড়  বেশি। তাই আমাদের  বেচা বিক্রিও ভাল হচ্ছে।  মানুষ এশে কম দামী কাপড় খোঁজে। ১০০-২০০ টাকার মধ্যে অনেকেই কাপড় কিনেন।

  • [১]