- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফসলি জমিতে অতিরিক্ত পলিমাটি গরু ট্রাক্টরে হচ্ছে না হাল চাষ,

আমিনুল ইসলাম, তাহিরপুর
কয়েক দফা বন্যায় তাহিরপুরে এবার বোরো জমিতে পলিমাটি পড়েছে প্রচুর। যে কারণে গরু দিয়ে কিংবা ট্রাক্টর দিয়ে হাল চাষ করা যাচ্ছে না। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে কৃষকরা নিজেরাই জোয়াল কাঁধে জমি চাষাবাদে লেগেছেন। সরেজমিনে দেখা গেল, উপজেলার মাটিয়ান হাওরপাড়ের গ্রাম জামালগড়ের কৃষক শফিক মিয়া নিজেই লাঙল কাঁধে নিয়ে বোরো জমি চাষ করছেন। তিনি জানান, এ বছর পাঁচ কিয়ার (৩০ শতক = ১ কিয়ার) জমিতে বোরো ধান রোপণ করবেন। কয়েক দফা বন্যায় পাহাড়ি ঢলের পানিতে তিন থেকে চার ফুট পরিমাণ পলিমাটি পড়েছে জমিতে। এ অবস্থায় গরু কিংবা ট্রাক্টর দিয়ে চাষ করা সম্ভব হচ্ছে না। ট্রাক্টর মাটির নিচে দেবে যায়। আর গরু জমির ওপর হাঁটতেই পারে না।
জামালগড় গ্রামের কৃষক ফয়জুর রহমান বলেন, এবার জমিতে অনেক কৃষকই হালচাষ ছাড়াই বোরো ধান রোপণ করছেন।
জামালগড় গ্রামের আরেক কৃষক সজল বর্মণ বলেন, গ্রামের উত্তর দিকে বৌলাই নদীর বেড়িবাঁধটি না থাকায় ফসলি জমিতে অতিরিক্ত পলিমাটি পড়েছে। চলতি মৌসুমে বেড়িবাঁধটি নির্মাণ করা না হলে আগাম বন্যায় মাটিয়ান হাওরের বোরো ফসল তলিয়ে যাবে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, জামালগড় গ্রামের উত্তর দিকের বেড়িবাঁধটি এ বছর প্রি-ওয়ার্ক জরিপে ধরা হয়েছে। যথাসময়ে কাজটি শেষ করা হবে।

  • [১]