- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফসলের ক্ষয়ক্ষতির হিসাব নিয়ে লুকোচুরি-ক্ষতির হিসাব দেখানো হচ্ছে মাত্র ১৫%

বিন্দু তালুকদার
জলাবদ্ধতা ও বাঁধ ভেঙ্গে অকাল বন্যায় জেলার ১১ উপজেলার ছোট বড় অনেক হাওরের বোরো ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি ক্ষয়-ক্ষতির পরিমাণ হবে কয়েক হাজার কোটি টাকা।
তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি জেলার ৪২ টি হাওরের ৩৩ হাজার ২১৯ হেক্টর বোরো জমির ফসল নষ্ট হয়ে ক্ষয়-ক্ষতি হয়েছে ৪০৩ কোটি ৯৪ লাখ ৩০ হাজার টাকা এবং শিলাবৃষ্টিতে জেলার মোট ৩৭ হাজার ৩৫১ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে হয়েছে ৫০ কোটি ২৪ লাখ ৩২ হাজারসহ মোট ক্ষয়-ক্ষতির পরিমাণ ৪৫৪ কোটি ১৮ লাখ ৬২ হাজার টাকা।
কৃষি সম্প্রসারণ বিভাগের ক্ষয়ক্ষতির তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, তাদের দেয়া হিসাব মোতাবেক জেলার আবাদকৃত বোরো জমির মাত্র ২১.৩৮% জমি প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়েছে। অর্থাৎ জেলার ৭৮.৬২% বোরো জমির ফসল ঝুঁকিমুক্ত রয়েছে। অন্যদিকে যে ২১.৩৮% কৃষি জমিকে দুর্যোগ কবলিত দেখানো হয়েছে তার মধ্যে ক্ষতির পরিমাণ হিসাব করা হয়েছে ৭০.৩৪%। এই হিসাবে প্রকৃত ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ হয় মাত্র ৩৩২১৯ হেক্টর। এই হিসাবকে বিবেচনায় নিলে কৃষি বিভাগের         ক্ষতি নিরূপণের শতকরা হার হলো মাত্র ১৫%। এই হিসাবকে একেবারেই হাস্যকর উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন কৃষক ও জনপ্রতিনিধিরা।
বুধবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলার মোট ফসলের ক্ষয়-ক্ষতির এই বিবরণ জানিয়েছেন। তবে জেলার বিভিন্ন উপজেলার স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিরা দাবি করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া ফসলের ক্ষয়-ক্ষতির বিবরণ একেবারেই বাস্তবতাবর্জিত ও কৃষকদের প্রতি পরিহাসস্বরূপ। এই প্রতিবেদন কৃষি বিভাগের মনগড়া ও ভিত্তিহীন। কৃষকদের সাথে কথা না বলে এসব তথ্য তৈরি করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন, জেলাা ১১ উপজেলার চলতি বোরো মৌসুমে বোরো আবাদ হয়েছিল ২ লাখ ২০ হাজার ৮০৫ হেক্টর জমিতে। বাঁধ ভাঙা ও  অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছিল ৪৭ হাজার ২২৫ হেক্টর জমি। এসব জমির মোট ৭০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়ে ফসল নষ্ট হয়েছে ৩৩ হাজার ২১৯ হেক্টর জমির। ক্ষতিগ্রস্ত হয়েছে ৭২ হাজার ২৬২ জন কৃষক। ৪২ টি হাওর ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষি বিভাগের তথ্য অনুসারে, সদর উপজেলার জাউয়া, দেখা ও কানলার হাওরে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭২৫ হেক্টর, দক্ষিণ সুনামগঞ্জের দেখা ও জামখলার হাওরের ক্ষতি হয়েছে ৬৭৩২ হেক্টর, দোয়ারাবাজারের নাইন্দা, দেখা, কংস্কার, কানলা হাওরে ক্ষতি হয়েছে ২১১৪ হেক্টর, বিশ্বম্ভরপুর উপজেলার করচা,শনি, আঙ্গারুলি ও হালীর হাওরে ক্ষতি হয়েছে ১৯৩০ হেক্টর, জগন্নাথপুর উপজেলার নলুয়া ও মইয়ার হাওরের ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৩৫ হেক্টর, জামালগঞ্জের শনি, মিনি পাগলা ও পাগনার হাওরের ক্ষতি ২২০ হেক্টর, তাহিরপুর উপজেলার শনি, কলমা, নওহাল, ওলান, গলগলিয়া, সন্নাসীর ডোবা, লতিবপুর ও গুনিয়ারকুড়ি হাওরে ক্ষতি হয়েছে ৬৭৬৫ হেক্টর, ধর্মপাশা উপজেলার সাতারিয়া, পাথারিয়া, ডুবাইল, কলমা, ধারাম ও চন্দ্রসোনারথাল হওারের ক্ষতি হয়েছে ৪৯১৫ হেক্টর, ছাতকের বলাই,নাইন্দার ও জল্লার হাওরের ক্ষতি হয়েছে ২৫০ হেক্টর, দিরাই উপজেলার চাপতি, বরাম ও কালিয়াকোটা হাওরে ক্ষতি ৩৩৮৩ হেক্টর, শাল্লা উপজেলার বরাম, ছায়া ও জোয়ারিয়া হাওরে ক্ষতি হয়েছে ৪১৫০ হেক্টর জমি।   
ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন,‘এবারের অকাল বন্যায় ছাতকের অন্তত ১ হাজার হেক্টর বোরো ফসলের ক্ষতি হয়েছে। বোরো জমি ছাড়াও এবার উঁচু ইরি জমির ধান পানিতে তলিয়ে গেছে। কৃষি বিভাগ মনগড়া তথ্য দিয়েছে। তারা কৃষক ও হাওরে না গিয়েই এসব ফালতু তথ্য সরবরাহ করেন। হাওর সর্ম্পকে কোন ধারনাই নেই তাদের। হাওরের কোন তালিকা নেই কৃষি বিভাগের কাছে। কৃষি বিভাগের এই তথ্য কোনভাবেই গ্রহণযোগ্য নয়।’
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, ‘আমাদের শনির হাওরেই ৮ হাজার ৩০০ হেক্টর জমি রয়েছে। বাঁধ ভেঙে তলিয়ে যাওয়ায় ৩০০ হেক্টর জমির ধানই কাটতে পারেনি কৃষকরা। হাওরের ৩০ ভাগ ফসল কাটতে পারেনি কৃষক। এছাড়া আরো বিভিন্ন হাওরেসহ মোট ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজার হেক্টর জমি। ক্ষয়-ক্ষতির পরিমাণ অন্তত ১৫০ কোটি টাকা হবে। কৃষি বিভাগ কোথা থেকে এসব তথ্য দিল তা জানতে চাওয়া হবে।’
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা বলেন,‘জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া ক্ষয়-ক্ষতির এই তথ্য তাদের মনগড়া, এই তথ্যের সাথে বাস্তবতার কোন মিল নেই। হাওরের ফসল হানি নিয়ে তারা আজগুবি তথ্য সরবরাহ করছে। জগন্নাথপুরে অন্তত ১০ হাজার হেক্টর বোরো ফসলের ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের সংশ্লিষ্টরা নিজের সুবিধার্থে ক্ষতির পরিমাণ কম উল্লেখ করছে। এতে কৃষকরা অধিকার বঞ্চিত হবেন।’
‘জাগো দিরাই’এর সভাপতি আবুল কাসেম চৌধুরী বলেন,‘কৃষি বিভাগের দেয়া তথ্যের চেয়ে ক্ষতির পরিমাণ আরো অনেক বেশী হবে। কৃষকদের ফসল কেন জলাবদ্ধতায় পড়বে? এসব জলাবদ্ধতা নিরসনে পাউবো ও কৃষি বিভাগের পক্ষ থেকে কোন উদ্যোগ নেয়া হয় না কেন ? তারা বসে বসে বেতন ভাতা গ্রহণ করেন। কৃষকদের নিয়ে কোন চিন্তাই নেই তাদের।’
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সদরের তেঘরিয়া গ্রামের গৃহস্থ অবনি মোহন দাস বলেন,‘কৃষি বিভাগের লোকজন কৃষক ও স্থানীয়দের সাথে কোন কথা না বলেই অফিসে বসে ক্ষতির তালিকা তৈরি করে। কৃষি বিভাগের অফিসারদের কোন হাওরের কৃষকরা আজ পর্যন্ত চোখে দেখেন নি। তাহলে তারা ক্ষতির হিসাব দেয় কিভাবে?’
বিশ্বম্ভরপুর উপজেলার সদরের ঘাঘটিয়া রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আব্দুল গনি আনসারি বলেন,‘আমাদের উপজেলা অংশের করচা হাওরসহ বিভিন্ন হাওরের প্রায় ৫ হাজার হেক্টর বোরো ফসল পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগের দেয়া তালিকা সঠিক নয়। এবার পানিতে তলিয়ে কৃষকদের অনেক ফসলের ক্ষতি হয়েছে। কৃষকরা ক্ষতিগ্রস্ত ও দুদর্শগ্রস্ত।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. জাহেদুল হক বলেন,‘কৃষি বিভাগ নিয়ে হাওর পাড়ের কৃষক ও জনপ্রতিনিধিদের দাবি ও অভিযোগ সঠিক নয়। আমাদের কাছে জেলার সকল ছোট-বড় হাওরের তালিকা রয়েছে। কোন হাওরে কত হেক্টর জমি চাষাবাদ করা হয়েছে তা আমরা বোরো মৌসুমের শুরুতেই তালিকা করে রাখি। আমরা মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের দিয়ে ক্ষয়-ক্ষতির তালিকা সংগ্রহ করেছি। কিন্তু কৃষক ও জনপ্রতিনিধিরা জমির পরিমাণ হেক্টরের হিসাবে বুঝেন না তাই বেশী করে বলছেন এবং দাবি করছেন।’

  • [১]