টানা বর্ষণের ফলে জেলার বিভিন্ন হাওরের নিম্নাঞ্চল জলমগ্ন হওয়ার খবর পাওয়া যাচ্ছে। প্রায় প্রতিটি উপজেলাতেই এ পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণের বোরো জমি বৃষ্টির পানি জমে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টি এবার তেমন একটা না হলেও দিরাই-শাল্লায় কিছুটা ক্ষতি করেছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের অনেক বাঁধের কাজ এখন পর্যন্ত শেষ না হওয়া এবং শেষ হওয়া বাঁধে ফাটল সৃষ্টি ও দেবে যাওয়ার মতো উদ্বেগজনক খবরাখবরও গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বাঁধের কাজে বিপুল অনিয়ম-দুর্নীতি নিয়ে কয়েকমাস যাবৎ এলাকাবাসীর তীব্র অসন্তোষের কথা গণমাধ্যমে উঠে আসলেও তার কোন প্রতিকার নেই। এখন একেবারে শেষ মুহূর্তে যখন জানা যায়, ওই হাওরের অমুখ বাঁধের কাজ শেষ হয়নি তখন আসলে বলার কিছু থাকে না। তবে শেষ কথা হলো, যে কোন প্রাকৃতিক দুর্যোগ থেকে হাওরের ফসলকে রক্ষা করা এই সময়ের সবচাইতে বড় জাতীয় কর্তব্য। সরকারি দপ্তর ও স্থানীয়দের এখন ফসল রক্ষায় মুখ্য পালন করা উচিৎ। সকলের জানা কথা যে, ভাটি সুনামগঞ্জের প্রধান ফসল এই বোরো ধান। কোন দুর্বিপাকে পড়ে ফসলের ক্ষতি হলে মানুষের অবর্ণনীয় কষ্ট শুরু হবে। এই ফসলকে ঘিরে গ্রামে গ্রামে কৃষক-কৃষাণীরা স্বপ্ন দেখছেন। যে আশা নিয়ে তারা এখন প্রতিটি মিনিট-সেকেন্ড পার করছেন তা শহরবাসী হিসাবে আমাদের অনুভবের বাইরে তবে যেহেতু আমরা প্রায় সকলেই কোন না কোনভাবে কৃষক পরিবার থেকেই আগত কিংবা প্রত্যক্ষ-পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল তাই কৃষকের এই আর্তি ও উদ্বেগকে ধারণ করা একটি মানবিক কর্তব্য বটে।
ফসল কাটাই মৌসুমে তিন উপজেলায় চলছে ইউপি নির্বাচনকেন্দ্রীক প্রচার-প্রচারণা। অন্য ৭ উপজেলায় ইউপি নির্বাচনের প্রস্তুতি বিষয়ক তোড়জোর শুরু হয়েছে। নির্বাচনকেন্দ্রীক তৎপরতায় গ্রামের পরিবেশ গরম থাকলেও প্রাকৃতিক ঘনঘটা কৃষকের মনকে ক্রমশ শীতল করে তুলছে। নির্বাচন নিয়ে যারা কাজ করছেন তাদেরও দায়িত্ব নিরুপদ্রব ফসল কাটার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া। আর এক/দুই সপ্তাহ পরেই ধান পাকতে শুরু করবে। তখন দেখা দিবে শ্রমিক সংকট। সংকটের কারণে কৃষকরা বেশি ভাগ/মজুরি দিয়ে ধান কাটাতে বাধ্য হন। এবার এই শ্রমিক সংকট যাতে তীব্র না হয় সেদিকে সকলের খেয়াল রাখা উচিৎ। অন্যদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকলে মাঠে মাঠে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে। ফসলরক্ষা বাঁধে ফাটল কিংবা অন্যবিধ সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে। এজন্য প্রতিটি হাওরকে একাধিক ভাগে বিভক্ত করে স্থানীয়দের সম্পৃক্ত করে ২৪ ঘণ্টা পাহাড়ার ব্যবস্থা নেয়া জরুরি। জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন এই উদ্যোগ নিলে ভাল ফলাফল পাওয়া যাবে।
ফসল কাটার পর প্রান্তিক কৃষকরা সংসারের প্রয়োজন ও অভাবের তাড়নায় পানির দরে ধান বিক্রি করে দিতে বাধ্য হন। সরকারের ধান-চাল ক্রয়ের একটি কর্মসূচী রয়েছে যা আদৌ কখনও কোন কৃষকের উপকারে আসতে দেখা যায় না। এই সরকারি কর্মসূচীটি মূলত কৃষকের পরিবর্তে মধ্যসত্বভোগী ফড়িয়াদের স্বার্থ রক্ষা করে। এতে মদদ দেন খাদ্য বিভাগের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা। এবার সরকারের এই মহতি কর্মসূচীর কিছুটা সুফল যাতে প্রান্তিক কৃষকরা পেতে পারেন সেজন্য যথাসময়ে ধান-চাল ক্রয় অভিযান শুরু করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। কৃষি ও কৃষকের স্বার্থে সরকারের যত ভাল ভাল কর্মসূচী রয়েছে সেগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে কৃষকদের ব্যাপক উপকার হতে বাধ্য। আমরা এইসব কর্মসূচীকে কৃষকবান্ধব হিসাবে দেখার আশা পোষণ করছি।