- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘ফসল বাঁচাতে সকল প্রস্তুতি নিতে হবে’

স্টাফ রিপোর্টার
দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম ও মেঘালয় প্রদেশে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জ জেলার প্রধান নদ-নদীসমূহের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস.এম. শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো. মিজানুর রহমান বি.পি.এম, পানি উন্নয়ন বোর্ড সিলেট বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস.এম শহিদুল ইসলাম, সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবু সুফিয়ান, সিনিয়র গণমাধ্যম কমীর্ লতিফুর রহমান রাজু, সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, সকলে মিলে আগাম বন্যার হাত থেকে ফসল বাঁচাতে হবে। এই জন্য সকল ধরনের প্রস্তুতি নিতে হবে। নদ—নদীর পানি উপচে উঠছে। ফসল রক্ষা বাঁধের প্রতি নজর রাখতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষায় আমাদের সকল উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কাজ করবেন। এই ফসল রক্ষার কাজে আনসার বাহিনীকেও সহযোগিতা করতে হবে। সকল উপজেলার চেয়ারম্যানগণকে অবগত করানো হচ্ছে, তারা যেন সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে ফসল রক্ষা কাজে অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম বলেন, আগাম বন্যার হাত থেকে ফসল বাঁচাতে সকল থানার অফিসার ইনচার্জকে বলে দেয়া হবে, তারা যেন তাৎক্ষণিক দুর্যোগ থেকে ফসল বাঁচাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।

  • [১]