স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের বোরো ফসলরক্ষা বাঁধ আগামী ১৫ মার্চের মধ্যে শেষ করার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও পাউবোর শাখা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ সার্কিট হাউজে হাওরের বাঁধ নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম এই নির্দেশ দেন।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতিবিনময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন,‘ বাঁধের সকল কাজ দ্রুত শেষ করতে হবে। যেসব বাঁধ অধিক ঝুঁকিপূর্ন সেগুলোর বাঁশ, বস্তা ও ঘাস তাড়াতাড়ি দিতে হবে।’
সভায় পানি উন্নয়ন বোর্ডের সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম বলেন,‘ বাঁধের কাজের সময়সীমা শেষ হয়ে গেছে। কাজের সময় আর বৃদ্ধি করার সুযোগ নেই। যে কোনো মূল্যে দ্রুত কাজ শেষ করতে হবে। কাজ শেষ করে উপজেলা কমিটি সংবাদ সম্মেলন করে তা সবাইকে জানানোর ব্যবস্থা করবেন।’
মতবিনিময় সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন সরকার, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাবিবুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. ফরিদুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন, হাওর বাঁচাও আন্দোলনের কার্যকরি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আজমদ, অ্যাড. সফিকুল আলম, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ রিপোর্টর্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার প্রমুখ।
দিরাইয়ের প্রবীন কৃষকনেতা অমরচাঁদ দাস অভিযোগ করে বলেছেন,‘ হাওরের বোরো ফসলরক্ষা নামে সরকারি অর্থ লুটপাট করা হচ্ছে। অনেক বাঁধ অক্ষত থাকার পরও অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় প্রকল্পও বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্টদের গাফিলতি ও পিআইসিদের সময়মত টাকা না দেওয়ার কারণে সময়মত বাঁধের কাজ শেষ হয় নি। বাঁধের সব কাজ শেষ করতে অন্তত ১৫-২০ দিন সময় লাগবে।’
প্রসঙ্গত, সুনামগঞ্জের ১১ উপজেলায় ৫২ টি হাওরে এবার দুই লাখ ২৩ হাজার ৩০০ হেক্টর জমি চাষাবাদ হয়েছে। সেই জমির ফসলরক্ষায় পানি উন্নয়ন (বোর্ড পাউবো’র) আওতাধীন ৬১৯ কিলোমিটার মাটির বাঁধ নির্মাণ ও মেরামতে ১৩৩ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। কৃষকদের নিয়ে গঠিত ৮১১ টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) বাঁধের কাজ করছে। পাউবো’র কাজের বিনিময়ে টাকা (কাবিটা) নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বরের পর বাঁধের কাজ শুরু ও ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা থাকলেও এবার তা সম্ভব হবে না দেখে গত ২২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজের এক সপ্তাহ সময় বৃদ্ধি করেছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। উপমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন আজ রবিবার (সাত মার্চের) মধ্যে বাঁধের কাজ শেষ করার জন্য কিন্তু কোন বাঁধের কাজই শতভাগ শেষ করা সম্ভব হয় নি।