- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফাইনালে ভারতের কাছে স্বপ্নভঙ্গ মেয়েদের

সু.খবর ডেস্ক
এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার বাংলাদেশ নারী ইমার্জিং দল বা ‘এ’ দলের সামনে ওই সুযোগ ছিল। কিন্তু বুধবার ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ৩১ রানের বড় ব্যবধানে হেরেছে স্বপ্নভঙ্গ হয়েছে লাল-সবুজের নারী প্রতিনিধিদের।
টি-২০ ফরম্যাটে হওয়া এই এশিয়া কাপে শুরুতে ব্যাট করে ভারতের ইমার্জিং দল ৭ উইকেটে ১২৭ রান তোলে। ওপেনার উমা ছেত্রী ২২ রান করেন। তিনে নামা দিনেশ ভিরিন্দা খেলেন সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস। তিনি ২৯ বলে পাঁচ চার ও এক ছক্কায় ওই ইনিংস গড়েন।
এছাড়া কনিকা আহুজা খেলেন ২৩ বলে ৩০ রানের ইনিংস। পরের ব্যাটাররা সেভাবে সুবিধা করতে না পারায় নাগালের মধ্যে ভারতীয় ‘এ’ দলকে আটকাতে পারে বাংলাদেশ।
জবাব দিতে নেমে বাংলাদেশ চার বল থাকতে ৯৬ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশ ইমার্জিং নারী দলের হয়ে ওপেনার সাথি রানি ১৩ রান করেন, সোবহানা মুস্তারি খেলেন ১৬ রানের ইনিংস। নাহিদা আক্তার ১৭ রান করেন। অতিরিক্ত থেকে ১৬ রান না পেলে বাংলাদেশ ‘এ’ দলের হারের ব্যবধান আরও বড় হতে হতো।
এর আগে পাকিস্তান নারী ইমার্জিং দলকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ নারী ইমার্জিং দল। তবে বৃষ্টির কারণে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচটি রিজার্ভ ডে’তেও মাঠে গড়ায়নি। পয়েন্টের ভিত্তিতে তাই ভারতের ‘এ’ দল ফাইনালে ওঠে।
সূত্র : সমকাল

  • [১]