- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফুটপাতে বেড়েছে মাস্ক বিক্রি

পুলক রাজ
করোনা ভাইরাসে আতঙ্কে মাস্ক বিক্রি’র ধুম পড়েছে শহরের ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে পৌর এলাকার মানুষের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতাও বেড়েছে। বৃহস্পতিবার শহরের পশ্চিম বাজার, মধ্যবাজার, আলফাত উদ্দীন চত্ত্বর, শহিদ মিনার, জেল রোড সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের ফুটপাতের দোকানে মাস্ক বিক্রি হয়েছে ৩০ টাকা থেকে ৬০ টাকা দরে। স্বল্প মূল্যে সকল শ্রেণির পেশাজীবী মানুষের মধ্যেই মাস্কের ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
সরজমিনে দেখা যায়, তুলনামূলক দাম সস্তা হওয়ায় ফুটপাতের বিভিন্ন দোকানে সাধারণ মানুষ মাস্ক কেনার জন্য ভিড় করছেন। হাতের নাগালে মাস্ক পাওয়ায় আনন্দিত নি¤œ আয়ের মানুষ।
আলফাত উদ্দিন চত্ত্বর এলাকার ফুটপাতের বিক্রেতা মো. এবাইদুর রহমান বলেন, করোনা ভাইরাস আতঙ্কের কারণে সাধারণ মানুষ ফুটপাত থেকে মাস্ক ক্রয় করে ব্যবহার করছেন। ধুলা-বালু ও ভাইরাসজনিত রোগ-ব্যাধি থেকে বাঁচতেই সাধারণ মানুষ মাস্ক পড়ছেন।
একই এলাকার ফুটপাতের বিক্রেতা সোহেল মিয়া বলেন, তরুণ- তরুণীরা ফুটপাত থেকে মাস্ক ক্রয় করছেন। সর্বনি¤œ ৩০ টাকা দরে মাস্ক বিক্রি করছি আমরা।
সাধারণ ক্রেতা হানি জাহান বলেন, হাঁচি-কাশি থেকে রোগ-জীবাণুতে আক্রান্ত হওয়ার ভয়ে মাস্ক ব্যবহার শুরু করেছি। ফুটপাতে সীমিত দামে মাস্ক পাওয়া যাচ্ছে।
ক্রেতা রুহুল মিয়া বলেন, করোনা ভাইরাসের আতঙ্কে মাস্ক ক্রয় করছি। সতর্কতা হিসেবে মাস্ক সঙ্গে রাখছি। বাসার শিশুদের নিরাপত্তার জন্য মাস্ক কিনছি। পৌর শহরে এত বেশী ধুলাবালি যে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হয়ে গেছে।
পথচারী তালেব আহমদ বলেন, এখন যে বাজারে যাই, সেই বাজারে মাস্ক কেনাকাটা খুব বেশী হচ্ছে। আমরা সাধারণ জনগণ নিজে করোনা ভাইরাস মুক্ত থাকার জন্য মাস্ক ব্যবহার করছি। মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও সচেতন হতে হবে। একই মাস্ক দীর্ঘদিন ব্যবহার করা স্বাস্থ্যসম্মত নয়। তাই মাস্কের ব্যবহারের নিয়ম মেনে নির্দিষ্ট সময়ের পর নতুন মাস্ক আমাদের কিনতে হবে। এজন্য ফুটপাতের কম দামে মাস্ক পাওয়ায় আমরা স্বস্তিতে রয়েছি।

  • [১]