স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সুলফি বিদ্ধ হয়ে ৩জন গুরুতর আহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের লামাগাও গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষে এ ঘটনা ঘটে।
জানা যায়, লামাগাঁও গ্রামের মাঠে গ্রামের দুইপক্ষের খেলোয়াড়দের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলা শেষে বাড়িতে আসার পর কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। শেষে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে হেলাল মিয়া (৪০) সুলিফিবিদ্ধ হন। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। মঙ্গলবার দুপুরে চিকিৎসকরা সার্জারী করে পেট থেকে সুলফি বের করতে সক্ষম হন বলে জানিয়েছেন স্বজনরা।
অপর আহত লামাগাঁও গ্রামের মহসিন মিয়া (২৫) ও নূর আলম এর স্ত্রী নাসিমা বেগমকে পাশর্^বর্তী কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও মির্জা রিয়াদ হাসান বলেন, হেলাল মিয়ার পেট থেকে সুলফি বের করতে না পারায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তাহিরপুর থানা এ আই সাইদুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) থানায় কেউ কোন লিখিত অভিযোগ নিয়ে আসেনি।