আকবর হোসেন, জামালগঞ্জ
পাগনার হাওরের ফসল হানির পর এবার কৃষকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। অতি দরিদ্রদের জন্য বরাদ্দকৃত টাকাও তুলে নিজেদের মধ্যে অতীতের মত ভাগবাটোয়ারা করার চিন্তা করছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রকল্প চেয়ারম্যানরা। এরই ধারাবাহিকতায় ফেনারবাঁক ইউনিয়নের ২০ লক্ষ টাকারও ব্যয়ে কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্প এখন গভীর পানির নীচে। স্থানীয় ইউনিয়ন পরিষদ পানির নীচে বিভিন্ন প্রকল্পে কাজ না করেই টাকা উত্তোলন করে তছরুফ করার চেষ্টা চালাচ্ছে। গেল ২৩ ই এপ্্িরল সুনামগঞ্জের সর্বশেষ পাগনার হাওরটির বাঁধ ভেঙ্গে ফসিলে তলিয়ে যায় আর অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর ২য় পর্যায়ের অনুমোদন হয় ফসল ডুবির ৪ দিন পর। ফেনারবাঁক ইউনিয়নের ৫টি কর্মসৃজন প্রকল্পের ২য় পর্যায়ে ২৩ লক্ষ ৭৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ৩৩৭ জন সুবিধাভোগীর মাধ্যমে। যে সময়ে হাওরের মধ্যে পানি
আর অথৈ পানি ঠিক সেই সময়ে ফেনারবাঁক ইউনিয়নের ২য় পর্যায়ের প্রকল্পগুলি অনুমোদন হয় ২৭শে এপ্্িরল। সরকারী বিধি মোতাবেক প্রকল্প অনুমোদনের পর কাজ শুরু করার কথা থাকলেও অধিকাংশ প্রকল্পই পানির নীচে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ২০১৬-১৭ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ২য় পর্যায়ের বরাদ্দে উদয়পুর গ্রামের সামনের রাস্তায় মাটি ভরাট প্রকল্পে ২লক্ষ ৯৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, পশ্চিম ফেনারবাঁক কবর স্থান হইতে হাবিজ উদ্দিনের বাড়ীর যাতায়াতের রাস্তায় ৩ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, রসুলপুর কবর স্থানে মাটি ভরাট ও খুজারগাও গ্রামের পশ্চিমের রাস্তায় মাটি ভরাট প্রকল্পে ৪ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, মাতারগাও সার্বজনিন শ্মশানঘাটে মাটি ভরাট ও বিষ্ণুপুর পুকুর ঘাট হইতে বাজারমুখী রাস্তায় মাটি ভরাট প্রকল্পে ৬ লক্ষ ৪০ হাজার টাকা, আলীপুর(মাতব্বরপুর) আয়না মিয়ার বাড়ী হইতে পশ্চিমমুখী রাস্তায় বিভিন্ন ভাঙ্গা মেরামত ও সেলিমগঞ্জ মেইনরোড হইতে শরীফপুর রিয়াজউদ্দিনের বাড়ীর সামনের রাস্তায় মাটি ভরাট প্রকল্পে ৭ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সরেজমিনে গত শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফেনারবাঁক ইউনিয়নের মাতারগাঁও শ্মশানঘাটের প্রকল্পে গিয়ে দেখা যায়, মাতারগাঁও গ্রামের সামনে হাওরের মাঝ খানে একটু উঁচু জায়গার উপর কিছু মাটি ফেলে রিপেয়ারিং করা হয়েছে, যা বরাদ্দেও তুলনায় অতি নগন্য। খুজারগাঁও গ্রামের রাস্তার প্রকল্পে বর্তমানে ৪ থেকে ৫ ফুট পানি রয়েছে, রসুলপুর কবর স্থানে আংশিক মাটি ফেলা হয়েছে। উদয়পুর গ্রামের সামনের রাস্তায় বর্তমানে ৭ থেকে ৮ ফুট পানি রয়েছে, মাটির কাজ করা তো দূরের কথা রাস্তার উপর দিয়ে বর্তমানে বড় বড় নৌকা চলাচল করছে।
পশ্চিম ফেনারবাঁক কবরস্থান হইতে হাবিজ উদ্দিনের বাড়ির যাতায়াতের রাস্তায় আংশিক কাজ দেখা গেলেও বাকী রাস্তা ডুবন্ত অবস্থায়। আলীপুর(মাতব্বরপুর) আয়না মিয়ার বাড়ী হইতে পশ্চিমমুখী রাস্তায় বিভিন্ন ভাঙ্গা মেরামত ২শত ফুট কাজ করিয়েছেন, সেলিমগঞ্জ মেইনরোড হইতে শরীফপুর রিয়াজউদ্দিনের বাড়ীর সামনের রাস্তায় মাটি ভরাট প্রকল্পে অর্ধেক কাজ করিয়ে বর্তমানে পানির জন্য কাজ বন্ধ রয়েছে।
খুজারগাও ও রসুলপুরের প্রকল্প চেয়ারম্যান অজিত সরকার বলেন, বলেন বর্তমানে রাস্তাটি ঠিকই পানির নীচে, পানি আসার আগেই অগ্রিম কাজ করিয়েছি। মাতারগাঁও শ্মশান ঘাটের প্রকল্প চেয়ারম্যান দীপক তালুকদার বলেন,আমি অসুস্থ থাকায় লোক দিয়ে দূর থেকে দৈনিক রুজের কামলায় কিছু মাটি ফেলেছি, যা তুলনায় কম, পানি কমলে আরো কিছু কাজ করাবো। পশ্চিম ফেনারবাঁকের প্রকল্প চেয়ারম্যান মো: ইয়াছিন মিয়া বলেন, আমি কবর স্থান থেকে গ্রামের দিকে কিছু কাজ করিয়েছি, রাস্তায় পানি থাকায় কাজ বন্ধ রয়েছে। উদয়পুরের রাস্তার প্রকল্প চেয়ারম্যান ও ফেনারবাঁকের ইউপি সদস্যা নূরে জান্নাত লিপি বলেন, আমি শারিরীক ভাবে অসুস্থ,আমার স্বামী কাজ করিয়েছেন, তিনিই কাজের সম্বন্ধে ভালো বলতে পারবেন।
আলীপুর ও সেলিমগঞ্জ মেইনরোড হইতে শরীফপুর প্রকল্পের চেয়ারম্যান আসাদ আলী বলেন, আলীপুর ও শরীপপুর প্রকল্পের কাজে অর্ধেকের মত করা হয়েছে, পানির কারণে আপাতত কাজ বন্ধ, পানি কমে গেলে বাকী কাজ করানো হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাহাদাৎ হোসেন ভুইয়া বলেন,কর্মসৃজন প্রকল্পের ২য় পর্যায়ের কোন অর্থ ছাড় দেওয়া হয়নি, কাজ দেখা হচ্ছে, যে পরিমাণে কাজ পাওয়া যাবে সেই পরিমাণে বিল প্রদান করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী বলেন, কর্মসৃজন প্রকল্পের ২য় পর্যায়ের কাজ দেখা হচ্ছে, যতটুকু কাজ হবে সেই পরিমাণে বিল প্রদান করা হবে। কোন প্রকল্পে অনিয়ম পাওয়া গেলে কোন ছাড় দেওয়া হবে না।