স্টাফ রিপোর্টার
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামালগঞ্জের দু’টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন হতে যাচ্ছে বলে এক সূত্রে জানা গেছে। দায়িত্বশীলরা বিষয়টি নিশ্চিত না করলেও দলের একাধিক নেতাকর্মী জানিয়েছেন ফেনারবাঁক ও বেহেলী ইউনিয়নের প্রার্থীর নাম ইতোমধ্যে পরিবর্তন হয়েছে বলে জানতে পেরেছেন তারা। সূত্র জানায়, ফেনারবাঁক ইউনিয়নের সর্বশেষ দলীয় প্রার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান আওয়ামী লীগ নেতা সাধন তালুকদার ও বেহেলী ইউনিয়নে আওয়ামী লীগ নেতা ভজন তালুকদারকে দলীয় প্রার্থী হিসাবে কেন্দ্রে তালিকা পাঠানো হয়। তবে তালিকা পাঠালেও এই দুই ইউনিয়নে এখনও প্রার্থীতা চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।
তৃণমূল আওয়ামী লীগ প্রথমে ফেনারবাঁক দলীয় প্রার্থী বাছাই করেছিল সাধন তালুকদারকে পরে আবার ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির নেতাকর্মীদের ভোটাভোটিতে নতুন করে দলীয় প্রার্থী বাছাই করা হয় ইউপি সদস্য নূরু মিয়াকে। বেহেলী ইউনিয়নে ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিহির রায়কে দলীয় প্রার্থী বাছাই করেন তৃণমূল বাছাই কমিটি। উপজেলা আওয়ামী লীগ ওই দুই ইউনিয়নে নূরু মিয়া ও মিহির রায়ের নাম জেলা আওয়ামী লীগের কাছে জমা দেন। তবে জেলা কমিটি এই দুই ব্যক্তির নাম কেন্দ্রে পাঠিয়েছেন কিনা তা জেলা নেতৃত্বের কেউ সরাসরি স্বীকার করেননি। এদিকে কেন্দ্র থেকে তৃণমূল থেকে প্রস্তাবিত ব্যক্তিদের পরিবর্তন করে নতুন দুই ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক দায়িত্বশীল আওয়ামী লীগ নেতা এই প্রতিবেদককে জানিয়েছেন। কেন্দ্র থেকে ফেনারবাঁক ইউনিয়নে আওয়ামী লীগ নেতা সাধন তালুকদার ও বেহেলী ইউনিয়নে আওয়ামী লীগ নেতা ভজন তালুকদারকে মনোনয়ন দেয়া হচ্ছে বলে ওই নেতৃবৃন্দ জানিয়েছেন ।
এ ব্যাপারে কথা বলতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমনের ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন,‘ তৃণমূল থেকে একাধিক প্রার্থীর নাম পাওয়া গেছে। তৃণমূল থেকে পাওয়া প্রার্থীদের তালিকা কেন্দ্রে জমা দেয়া হবে। প্রার্থীদের নামের তালিকা সাধারণ সম্পাদকের কাছে আছে। কেউ বাদ পড়েছে, কেউ নতুন করে পেয়েছে এধরনের কোন তথ্যই সঠিক নয়, এসব একদম ভুয়া কথা। চূড়ান্তভাবে প্রার্থী তালিকা করবেন আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’