- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফেব্রুয়ারিতে সড়কে প্রতিদিন নিহত ১৫

সু.খবর ডেস্ক
সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা চলতি বছরের জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে বেড়েছে। এ মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় গড়ে প্রতিদিন ১৫ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। এ সময় গড়ে প্রতিদিন ১৩টি দুর্ঘটনা ঘটেছে। আর জানুয়ারিতে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের দৈনিক গড়সংখ্যা ছিল যথাক্রমে ১৩ ও ৩৩ জন। ওই মাসে গড়ে প্রতিদিন ১১টি দুর্ঘটনা ঘটেছে। বুধবার নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
দেশের ২০টি জাতীয় দৈনিক, ১০টি আঞ্চলিক সংবাদপত্র এবং আটটি অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থার তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৮ দিনে ৩৭২টি সড়ক দুর্ঘটনায় ৫৬ নারী ও ৫৮ শিশুসহ মোট ৪২৭ জন নিহত এবং এক হাজার ৯৪ জন আহত হয়েছেন। আর জানুয়ারির ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত ৩৫০টি সড়ক দুর্ঘটনায় সারাদেশে নিহত ও আহত হন যথাক্রমে ৪১৬ ও এক হাজার ১২ জন। এই সময়ে নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ছিল ৫৪ ও ৫৫ জন।
সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।
সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ কুমার দে জানান, তাদের পর্যবেক্ষণে সাম্প্রতিক সময়ে দুর্ঘটনা ও প্রাণহানি বেড়ে যাওয়ার ক্ষেত্রে কয়েকটি কারণ জানা গেছে। সেগুলো হচ্ছে দূরপাল্লার গাড়িগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, চালকদের অদক্ষতা ও অসতর্কতা, দীর্ঘসময় একটানা গাড়ি চালানো, চালক ও সহকারীদের প্রশিক্ষণ ও সচেতনতার অভাব, ওভারটেকিংয়ের ক্ষেত্রে ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ না করা, বিভিন্ন স্থানে যানজটে নষ্ট হওয়া সময় পুষিয়ে নিতে ফাঁকা সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, সড়ক পরিবহন খাত নিয়ন্ত্রণ ও তদারককারী সংস্থাগুলোর যথাযথ দায়িত্ব পালনে ঘাটতি এবং আইন লঙ্ঘনকারী গাড়িগুলোর চালক, সহকারী ও মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা।

  • [১]