শহীদ নূর আহমেদ
সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর বাজার সংলগ্ন ফেলাইখালি নদীর উপর নির্মিত ব্রিজটি অনেক পুরানো হয়ে বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নদী পারাপারের একমাত্র উপায় হওয়ায় ঝুঁকি নিয়েই চলাচল করছেন ইউনিয়নের লালপুর, গোবিনপুর, চানপুর, সোনাপুর, শাক্তারপাড়, বাহাদুরপুরসহ ৬টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। যে কোন সময় ঘটতে পারে কোন দুর্ঘটনা।
ব্রিজটির এমন বেহাল দশায় সার্বক্ষণিক আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। পুরনো ব্রিজটি ভেঙ্গে নতুন একটি ব্রিজ নির্মাণ করার দাবি করেছেন তারা। তবে ব্রিজটি পুনঃনির্মাণের আশ্বাস দিয়েছেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান।
৩০ বছর আগের পুরনো ব্রীজটির অবস্থা খুবই নাজুক। ভেঙ্গে গেছে ব্রীজের র্যালিংয়ের দুই পাশ। ব্রীজের বেইজগুলো ক্ষয় হয়ে ছোট হয়ে গেছে। মোটরসাইকেল উঠলেই ব্রীজটি কাঁপতে শুরু করে। যোগাযোগের একমাত্র রাস্তা হওয়ায় বাধ্য হয়েই এই ঝুঁকিপূর্ণ ব্রীজটি দিয়েই হাটবাজার, কমিউনিটি ক্লিনিক, মাদ্রাসা প্রাইমারী স্কুলসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের লোকজন সহ সকল শ্রেণি পেশার মানুষ যাতায়াত করে থাকেন। ইতোমধ্যে ব্রীজ থেকে নিচে পড়ে আহত হয়েছেন অনেকেই।
লালপুর গ্রামের বাসিন্দা ইব্রাহীম আলী জানান, অনেক পুরনো এই ব্রীজ। বর্তমানে ব্রীজটি দুর্বল হয়ে পড়েছে। একটা মোটরসাইকেল উঠলেই ব্রীজ কেঁপে উঠে। যে কোন সময় ব্রীজটি ধ্বসে পড়ার আশঙ্কা রয়েছে।
ফজুল মিয়া বলেন,‘ব্রীজের অবস্থা খারাপ। ভেঙে গেছে র্যালিং। দুই পাশের র্যালিং ভেঙ্গে যাওয়ায় প্রায়ই ঘটছে ছোট খাটো দুর্ঘটনা। ব্রীজে উঠলে মনে হয় এই যেন ধ্বসে পড়ছে। তাই অচিরেই ব্রীজটি ভেঙে নতুন একটি ব্রীজ নির্মাণ করা জরুরী প্রয়োজন।
এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন,‘আমি কয়েকদিন হলো যোগদান করেছি। এলাকা সম্পর্কে আমার তেমন ধারণা নেই। তবে ব্রীজটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’