- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ফ্রান্সে সন্ত্রাসী হামলা নিহত ৮৪

সু.খবর ডেস্ক
ফ্রান্সের একটি শহরে আতশবাজির উৎসবে জড়ো হওয়া জনতার ওপর দ্রুত গতির একটি লরি উঠে যাওয়ার ঘটনায় অন্তত ৮৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলের নিস শহরের এ ঘটনায় আহত হয়েছেন অনেক মানুষ।
এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করছে শহরটির কর্তৃপক্ষ। তারা বাসিন্দাদের ঘরের ভেতর থাকার জন্যেও অনুরোধ করেছে।
গুলিতে ওই লরির চালক নিহত হওয়ার পর লরির ভিতর থেকে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
ফ্রান্সের প্রেসডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, এটা যে সন্ত্রাসী হামলা, তা অস্বীকার করা যায় না।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিস শহরের প্রমনেদ দেস অঁলেতে বাস্তিল দিবস উপলক্ষে আতশবাজি প্রদর্শনী উপভোগ করতে বহু মানুষ জড়ো হয়েছিলেন। স্থানীয় সময় রাত সাড়ে  ১১টার দিকে আতশবাজির প্রদর্শনী শেষ হওয়ার পর এক চালক একটি ভারী ট্রাক দ্রুত গতিতে জনতার ওপর তুলে দেন।
জনতার মধ্য দিয়ে ট্রাকটি প্রায় দুই কিলোমিটার মাড়িয়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
নিস শহরের প্রসকিউটরদের উদ্ধৃত করে ফরাসি গণমাধ্যমে বলা হচ্ছে যে, সেখানে অন্তত ৭০জন নিহত হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছে।
নিস শহরের মেয়ের ক্রিশ্চিয়ান এস্ট্রোসি নিশ্চিত করে বলেছেন, একজন লরি চালক কয়েক ডজন মানুষ হত্যা করেছে।
টুইটারের কয়েকটি ছবিতে দেখা যায় যে, অনেক মানুষ রাস্তার ওপর পড়ে রয়েছে।
আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অন্তত ১৮ জনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন দাবি করেছেন, সেখানে তারা গুলির শব্দও শুনতে পেয়েছেন। যদিও এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
সর্বশেষ এই ঘটনার পর ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছেন ওলাঁদ। এ ঘটনার পর সংকটকালীন জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট।
গতবছর প্যারিসে সন্ত্রাসী হামলায় বহু হতাহতের ঘটনার পর থেকেই দেশটিতে জরুরি অবস্থা রয়েছে, তার মধ্যেই এই ঘটনা ঘটলো।
বাস্তিল দুর্গ পতনের দিবস হিসাবে ফ্রান্সে জাতীয়ভাবে দিনটি পালন করা হয়, এই উপলক্ষেই শহরটিতে নানা অনুষ্ঠান চলছিল। সূত্র: এএফপি, বিবিসি

  • [১]