- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বংশীকুন্ডায় দুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ

এনামুল হক এনি, ধর্মপাশা
আগাম বন্যায় পানি এলে কিংবা পুরো বর্ষায় ডুবে যায় ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা-বাসাউড়া সড়ক। বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অবস্থিত এ সড়কে গেল কয়েক বছর ধরে সংস্কার কাজ না করায় সড়কটি নিচু হয়ে গেছে। তাই বংশীকুন্ডা বাজারের পূর্ব পাশে এ সড়কের কিছু অংশ বর্ষায় কয়েক ফুট পানির নিচে থাকে। সেই পানির ওপর দিয়ে যাতায়াত করতে গিয়ে আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। গেল তিন বছর ধরে স্থানীয় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে সেখানে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে যাতায়াতের ব্যবস্থা করছেন। এ সাঁকো দিয়ে ঘাসি, শিশুয়া, সানূয়া, নওয়াবন্দ, হাতপাঠন, বাসাউড়াসহ আশপাশের গ্রামের স্কুল কলেজগামী শিক্ষার্থী, নারী-পুরুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।
বাসাউড়া গ্রামের বাসিন্দা রবীন্দ্র সরকার পুতুল বলেন, ‘আমাদের এই দুর্ভোগের কথা কেউ চিন্তা করেনা। দুর্ভোগ থেকে রেহাই পেতে দুই আড়াই মাস আগে বাসাউড়া গ্রামবাসীকে নিয়ে স্বেচ্ছাশ্রমে সাঁকোটি নির্মাণ করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্টদের নিকট জোর দাবি জানাচ্ছি।’
বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুরঞ্জন সরকার বলেন, ‘আমার বাড়ি বাসাউড়া গ্রামে। এ সড়ক       
দিয়ে বাসাউড়াসহ বিভিন্ন গ্রামের লোকজনকে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। কখনও কখনও সাঁকো থেকে পা পিছলে পানিতে পড়ে দূর্ঘটনাও ঘটে। রোগী নিয়ে সবচেয়ে বেশি বিপদে পড়তে হয়। কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করতে গিয়েও বিপাকে পড়ে।’
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দেবল সরকার বলেন, ‘এই সাঁকো তৈরি করতে দশ হাজার টাকার মতো খরচ হয়। কয়েক বছর ধরে এখানে মাটি ফেলা হয় না। স্থানীয় ইউনিয়ন পরিষদকে এ ব্যাপারে কোনো কার্যকরি পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।’
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সাইকুল ইসলাম বলেন, ‘সড়কটি আমার ওয়ার্ডে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আগামী অর্থ বছর এখানে  কাজ করার পরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে।’
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিম মাহমুদের সাথে কথা বলতে একাধিকবার চেষ্টা করা হলে মুঠোফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।
সুনামগঞ্জ জেলা পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হোসেন রোকন বলেন, ‘স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মানের বিষয়টি প্রশংসনীয়। জায়গাটি নিচু হওয়ায় সেখানে জলাবদ্ধতা তৈরি হয়। বিষয়টি জেলা পরিষদের মাসিক সভায় উত্থাপন করবো। বরাদ্দ পাওয়া গেলে জলাবদ্ধতা নিরসনে সেখানে মাটি ভরাটের ব্যবস্থা করা হবে।’

  • [১]