ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ে সরকারি নীতিমালা না মেনে সভাপতি নির্বাচিত করার অভিযোগ পাওয়া গেছে। সভাপতি পদে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক সনজিদা আক্তারকে নির্বাচিত করা হয়েছে। মমিন উচ্চ বিদ্যালয়ের চঞ্চল সরকার নামের এক ছাত্রের অভিভাবক ওই নির্বাচিত সভাপতির বিরুদ্ধে গত রবিবার দুপুরে ই-মেইলে জেলা প্রশাসক বরাবর এই অভিযোগ করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মমিন উচ্চ বিদ্যালয়ে গত পাঁচ জানুয়ারি ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক সনজিদা আক্তারকে নির্বাচিত ঘোষণা করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গর্ভনিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে ২০০৯ এর ৭ (২) নীতিমালা অনুযায়ী অন্য কোন বিদ্যালয়ে কর্মরত পূর্ণকালীন শিক্ষক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন না। নীতিমালা ৮ (৩) অনুযায়ী স্থানীয় শিক্ষানুরাগী, সমাজসেবক, জনপ্রতিনিধি বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তাদের মধ্য হতে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হবেন।
অভিযোগকারি চঞ্চল সরকার বলেন, সরকারি নীতিমালা না মেনে সভাপতি পদে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক সনজিদা আক্তারকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এই নির্বাচন বাতিল করে নীতিমালা অনুযায়ী সভাপতি নির্বাচিত করার জন্য জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছি।
বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম বলেন, সরকারি নীতিমালা মেনেই সনজিদা আক্তারকে সভাপতি নির্বাচিত করা ঘোষণা করা হয়েছে।
প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোতাহার হোসেন বলেন, সভাপতি পদে যে মহিলা নির্বাচিত হয়েছেন তিনি যে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত আছেন সে বিষয়টি আমার জানা ছিল না।
এ বিষয়ে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।