সজীব দে
সৈয়দ মুহিবুল ইসলাম। লেখালেখি ও গবেষণা যাঁর জীবনের অন্যতম অনুসঙ্গ। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর সুনামগঞ্জ শহর নিয়ে স্মৃতিকথা মূলক ‘স্মৃতি-বিস্মৃতি: নানা প্রসঙ্গ’ গ্রন্থ। গ্রন্থটিতে প্রতিষ্ঠান সুনামগঞ্জ কলেজ ও জুবিলী স্কুল, ব্যক্তি হিসেবে অসংখ্য মানুষ এবং ওই সব চরিত্র অথবা কুশীলবের সংবেদনশীলতা মূল বিবেচ্য।
১৯৮৭ সালে বি.সি.এস (তথ্য) ক্যাডারে বেতার প্রকৌশলী হিসেবে সরকারি চাকুরির মাধ্যমে কর্মজীবনে প্রবেশ। শিক্ষকতা পেশার নেশায় বি.সি.এস (সাধারণ শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ১৯৮৮ সালের ফেব্রুয়ারি মাসে কুমিল্লার নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে সুনামগঞ্জ সরকারি কলেজ, এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজে অতিবাহিত করেছেন। বর্তমানে মৌলভীবাজার সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত। বলা যেতে পারে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে লেখা নানা অজানা তথ্য সমৃদ্ধ এই গ্রন্থ। বিভিন্ন বিষয়ের উপর লেখকের নিজস্ব পর্যবেক্ষণ সরল ও সাবলীলভাবে উঠে এসেছে লেখায়।
সুনামগঞ্জ কলেজ সম্পর্কে তিনি লিখেছেন প্রতিষ্ঠার পর কলেজের স্থায়িত্ব নিশ্চিত করতে তৎকালীন মহকুমা প্রশাসক গ্রামে গ্রামে ঘুরে চাঁদা সংগ্রহ করেছিলেন। তাকে সহযোগিতা করেন জননেতা আব্দুল বারী চৌধুরী, আব্দুল খালিক আহমদ, আব্দুল হান্নান চৌধুরী ও মকবুল হোসেন চৌধুরী। তারা উদ্যোগী না হলে হয়তো এই কলেজ প্রতিষ্ঠিতই হতো না। চড়াই-উতরাই পেরিয়ে জেলার সংস্কৃতি চর্চা ও প্রগ্রতিশীল আন্দোলনের সূতিকাগার হিসেবে পরিণত হয়। ’৬৯ গণআন্দোলন ও ’৭১ সালের স্বাধীনতা যুদ্ধে কলেজের ছাত্রনেতা জগৎজ্যোতি, তালেব আহমদ, গিয়াস উদ্দিন, আসগর প্রমুখ জীবন উৎসর্গ করেন।
আমার জুবিলী স্মৃতি অনুচ্ছেদে অপকটভাবে এঁকেছেন শৈশবের চিত্র। একে একে উঠে এসেছে বিদ্যালয়, বন্ধু-বান্ধব-শিক্ষক-স্মরণীয় ঘটনার স্মৃতি।
এভাবেই গ্রন্থে বিভিন্ন অনুচ্ছেদে পর্যায়ক্রমে রয়েছে সুনামগঞ্জ কলেজ একাল সেকাল, আমার জুবিলী স্মৃতি, ভাষা আন্দোলন, দ্বিতীয় মুক্তিযুদ্ধ ও সুনামগঞ্জের চিত্র, নজরুলের গানে পারস্য উপকথা, আইনস্টাইনের জগত, প্রতিভাবসুর ঢাকা বাস ও বিবিধ প্রসঙ্গ : জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলী, আমার শিক্ষক সীতেশ রঞ্জন আচার্য্য, আমার শিক্ষক বিপ্রেশ চন্দ্র দত্ত, আব্দু মিয়া স্যার, গানের পাখি উড়ে গেছে, সাধক কবি সৈয়দ শাহনূর ও দু’টি অপ্রকাশিত গান। এর মধ্যে অনেকগুলি আবার স্থানীয় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
‘স্মৃতি-বিস্মৃতি: নানা প্রসঙ্গ’ গ্রন্থটি প্রকাশ করেছে চৈতন্য। প্রচ্ছদ শিল্পী নির্ঝর নৈ:শব্দ এবং মূল্য মাত্র ১৫০ টাকা। বর্তমান সুনামগঞ্জ কলেজ ও জুবিলী স্কুল সহ জেলার অতীতের বিশ্বস্ত সাক্ষ্য হিসেবে এই গ্রন্থ সংগ্রহ ও সংরক্ষণ করা দরকার। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা এই গ্রন্থটি পড়ে যেমন উপকৃত হবেন, তেমনি সামাজিক ইতিহাসের উপাদান হিসেবে সাধারণ পাঠকের কাছে তা যথেষ্ট কৌতুহলোদ্দীপক বলে বিবেচিত হবে।