স্টাফ রিপোর্টার
দিরাইয়ে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশে সহিংসতার বিরুদ্ধে কথা বলার চেয়ে মন্ত্রী ও দলীয় প্রতিপক্ষকে বিষোদগারই করা হয়েছে বেশি। দিরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার বিকালে থানা পয়েন্টে এই সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য দেবার সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান পরিকল্পনা মন্ত্রীকে ইঙ্গিত করে বললেন, সুনামগঞ্জ শহরে মেডিকেল কলেজের পাঠদান শুরু না হয়ে শান্তিগঞ্জের উপজেলা সদর হাসপাতালে শুরু হয়েছে। এটি দেখতে চাই না। তিনি জেলার সাংসদদের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ’এর নামের সাইনবোর্ড নিয়ে কথা বলেন। তিনি সাইনবোর্ড খুলে সুনামগঞ্জ শহরে নিয়ে আসার আহ্বান জানান স্থানীয় সংসদ সদস্যদের। এমএ মান্নানকে ইঙ্গিত করে তিনি বলেন, আপনি উন্নয়ন করেছেন বক্তব্য দেন, আপনি কিছুই নয়, আপনি কেবল প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন করেন। তিনি বলেন, কোনদিন মিছিল মিটিং করেনাই এই ‘মন্নান সাব’, কিন্তু এমপি-মন্ত্রী হয়েছেন, অকৃতজ্ঞ মানুষ। তিনি কোন উন্নয়ন করেন নি, একটি সেতু করেছেন, সাথে সাথে ভেঙে গেছে।
প্রধান বক্তার বক্তব্যে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমএ মান্নানকে ইঙ্গিত করে বলেন, তিনি ছিলেন আমলা, এখন জেলার ৫ টি আসনেই আমলা খুঁজছেন এমপি বানানোর জন্য, আওয়ামী লীগের প্রার্থীদের ভোট কমানোর চেষ্টায় আছেন। সুরঞ্জিত সেন গুপ্তের সান্নিধ্য পাবার জন্য যিনি আমার কাছেও তদবির করতেন, তিনি এখন দিরাই-শাল্লায় কর্মসূচি দেন, আমরা জানি না। দক্ষিণ সুনামগঞ্জের নাম পাল্টে মহান মুক্তিযুদ্ধের সময়কার লুটেরা বাহিনীর নামে ‘শান্তিগঞ্জ’ করেছেন বলে মন্তব্য করেন এমপি মানিক।
মুহিবুর রহমান মানিকের বক্তব্যের বেশিরভাগ অংশজুড়েই ছিল পরিকল্পনা মন্ত্রীর বিরুদ্ধে বিষোদগার।