- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বখাটেপনার প্রতিবাদে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের নীলপুর বাজারে সকাল ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত বিক্ষোভ করে শিক্ষার্থীদের অভিভাবক ও আশেপাশের গ্রামের সাধারণ মানুষ।
জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে লক্ষণশ্রী ইউনিয়নের অনহার, ইয়াহিয়া ও ছাব্বির নামের তিন বখাটে প্রতিনিয়ত উত্যক্ত করতো। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানকে বিষয়টি জানালে বখাটেরা শিক্ষার্থীদের বিভিন্ন রকম হুমকি প্রদান করে। পরে ছাত্রীরা স্থানীয় জনপ্রতিনিধি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটি বিষয়টি জানায়। তারাও বিষয়টি দেখছেন বলেও কোন ব্যবস্থা না নেওয়া শিক্ষার্থীরা ক্ষোভে মঙ্গলবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, আমরা বিদ্যালয়ে আসতে পারি না। আমাদের ইয়াহিয়া, ছাব্বির ও অনহার সব সময় সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে দাঁড়িয়ে থাকে। বিভিন্ন রকমের খারাপ
মন্তব্য করে রাস্তায় চলাফেরা করতে গেলে। আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে বিভিন্ন সময় বলেছি কিন্তু তারা কোন ব্যবস্থা নেননি। আমরা চাই এই বখাটেদের অবিলম্বে গ্রেফতার করা হোক।
নীলপুর বাজারে বাসিন্দা আলী আজগর বলেন, কয়েকদিন হলো মেয়েরা বিদ্যালয়ে আসতে ভয় পাচ্ছে। যার কারণে আজকে অভিভাবক ও গ্রামবাসীরা মিলে শিক্ষার্থীদের নিয়ে এই বিক্ষোভ। আমরা এই সকল বখাটের শাস্তি চাই।
এদিকে এ ঘটনায় সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রায় ঘন্টাখানিক অবরুদ্ধ হয়ে থাকে। এসময় শতাধিক যাত্রীরা সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে আটকা পড়েন।
লক্ষণশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, বিষয়টি আমার সম্পূর্ণ অজানা। ইতিমধ্যে পুলিশ ও প্রশাসনের সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেছেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মো. মঞ্জুর মোর্শেদ বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে ছাত্র-ছাত্রীরা বিষয়টি জানিয়েছিলো। কিন্তু কোন পদক্ষেপ গ্রহণ না করায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এই বখাটেদের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। শিক্ষার্থীদের আমরা আশ্বাস দিয়েছি দ্রুত সময়ের মধ্যে বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

  • [১]