- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বঙ্গবন্ধুকে কটাক্ষ ও শেখ হাসিনাকে হত্যার স্ট্যাটাস-সুনামগঞ্জে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের

বিশেষ প্রতিনিধি
ফেইসবুক স্ট্যাটাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা এবং নির্বাচিত সরকারকে অবৈধ পন্থায় উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ করে বিএনপি’র কেন্দ্রীয় নেতা চৌধুরী তানভির আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে আসামী করে সুনামগঞ্জ সদর থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নুরে আলম সিদ্দিকী উজ্জল এই মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী ২৫ সেপ্টেম্বর রাত ১০ টায় তার ফেইসবুক আইডিতে স্ট্যাটাসে লিখেছেন,‘শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।’ এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে ফেইসবুক স্ট্যাটাসে ইরাদ আহমেদ সিদ্দিকী উল্লেখ করেন ‘শেখ হাসিনাকে হত্যা সম্ভব নয়। কারণ শেখ হাসিনার চারদিকে ভারতের বিশেষ নিরাপত্তা চাদর রয়েছে। ভারতীয়রা শেখ হাসিনার নিরাপত্তা বিধান করছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশে ভারতের প্রতিনিধিত্ব করছেন।’ এর আগে ১৫ সেপ্টেম্বরে রাত ১০ টা ৫৫ মিনিটে বঙ্গবন্ধুর ছবির নিচে অঙ্গুলি প্রদর্শন করে ট্রল করে হিন্দিতে রূপান্তর করা  নিজের ফেইসবুক পেইজ থেকে কটাক্ষ করে স্ট্যাটাস দেন চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী। নিজেকে জমিদারের বংশধর উল্লেখ করে ঘোড়ার তৈল চিত্রের ছবি দিয়ে বঙ্গবন্ধুর পিতা সেই ঘোড়ার ভৃত্য ছিলেন বলেও উল্লেখ করেছেন’।
ফেইসবুক আইডিতে ইচ্ছাকৃতভাবে বঙ্গবন্ধুকে মিথ্যা ও অশ্লীল তথ্যের মাধ্যমে কটাক্ষ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা এবং অবৈধ পন্থায় সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন বিধায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা গ্রহণের আবেদন জানান নূরে আলম সিদ্দিকী উজ্জল।
সুনামগঞ্জ সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন,‘তথ্য প্রযুক্তি আইনে বৃহস্পতিবার বিকালে মামলাটি গ্রহণ করা হয়েছে’।

  • [১]